অ্যান্টিগা টেস্টে হারের মুখে বাংলাদেশ

শেষ পর্যন্ত কি আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে? অ্যান্টিগা টেস্টে হার এড়াতে হলে বাংলাদেশকে ম্যাচের শেষদিনে পুরোটা সময় ব্যাট করতে হবে, হাতে আছে তিন উইকেট। এই অবস্থায় যা প্রায় অসম্ভব। ফলে আরও একটি টেস্টে হারের মুখে বাংলাদেশ।  জয় তুলে নিতে ওয়েস্ট ইন্ডিজের দরকার তিনটি উইকেট।

অ্যান্টিগা টেস্টে সোমবার চতুর্থ দিনে তাসকিনের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫১ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। তবে, স্বাগতিকদের মাত্র ১৫২ রানে অলআউট করলেও প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম সারির কোন ব্যাটারই ম্যাচ বাঁচানো বা ম্যাচে ফেরার মতো ইনিংস খেলতে পারেননি। ফলে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১০৯ রান। শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ২২৫ রান, আর ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট।

পেসার তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের লিড মিলিয়ে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। জিততে হলে মিরাজের দলকে রেকর্ড গড়তে হবে। এমন সমীকরণের ম্যাচে আবারও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ।

৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশ প্রথম ওভারেই উইকেট হারায়। কেমার রোচের বলে শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জাকির হাসান। আর দলীয় ৭ রানের সময় ব্যক্তিগত ৬ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। জাতীয় দলে সুযোগ পাওয়া শাহাদাৎ দীপুও দলের জন্য কোনো অবদান রাখতে পারেনি। 

উল্টো দলীয় ২০ রানের সময় আউট হয়ে দলকে আরও চাপে ফেলে যান। সেই চাপ সামলাতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হকও। ১১ রান করে দলীয় ২৩ রানে বিদায় নেন তিনিও। ২৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে ভরসা দিচ্ছিলেন অধিনায়ক মিরাজ ও লিটন দাস। দুজন শুরুটাও করেছিলেন ভালোই। 

তবে লিটন দাসের বিলাসী এক শটে ভাঙে সেই জুটিও। তার বিদায়ে দলীয় ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ঘোর বিপদে টিম বাংলাদেশ। এরপর একে একে সাজঘরে ফিরেছেন মিরাজ ও তাইজুল ইসলাম। এ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংসটি খেলেন মিরাজ। 

জাকের আলী ১৫ রানে ক্রিজে আছেন। তার সাথে আছেন হাসান মাহমুদ, তবে তিনি এখনও রানের খাতাই খুলতে পারেননি। ক্যারিবীয়দের পক্ষে রোচ ও জেইডেন সিলস তিনটি করে উইকেট নিয়েছেন। আবার বাকি উইকেটটি শিকার করেছেন শামার জোসেফ।