কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এতে ২১১ রানের লিড পেয়েছে লঙ্কানরা।
লঙ্কান ব্যাটারদের দাপটের মিছিলে পাঁচ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। টেস্ট ক্যারিয়ারে ১৭তম বার ফাইফারের কীর্তি গড়লেন টাইগার এই স্পিনার।
শুক্রবার (২৭ জুন) ২ উইকেটে ২৯০ রান নিয়ে কলম্বো টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ১৫ রান যোগ করতেই দিনের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। অর্থাৎ প্রথম ইনিংসে দলীয় ৩০৫ রানে তৃতীয় উইকেট হারায় ধনাঞ্জয়া ডি সিলভার দল।
দিনের ষষ্ঠ আর ইনিংসের ৮৪তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে এনামুল হক বিজয়ের ক্যাচ বানান বাঁহাতি টাইগার স্পিনার তাইজুল। ২৫৪ বলে ১৫৮ রান (১৯ চারে) করে প্যাভিলিয়নে ফেরত যান লঙ্কান ওপেনার।
৯৯তম ওভারের পঞ্চম বলে কামিন্দু মেন্ডিসকে ফেরান নাঈম ইসলাম। কুশল মেন্ডিসের সঙ্গে ৪৯ রানের জুটি করা বাঁহাতি লঙ্কান ব্যাটারকে বোল্ড করেন ডানহাতি টাইগার স্পিনার। ৪১ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন কামিন্দু।
এরপর আর দাঁড়াতে পারেনি লঙ্কানরা। একের পর এক উইকেট হারায় তারা। ১১৭তম ওভারের পঞ্চম বলে তাইজুলকে উড়িয়ে মারতে গিয়ে আসিথা ফার্নান্দো সাদমান ইসলামের হাতে ক্যাচ হলে লঙ্কানদের প্রথম ইনিংস শেষ হয়। অন্যদিকে ফাইফার পূর্ণ হয় তাইজুলের।
তাইজুল ছাড়াও লঙ্কানদের এই ইনিংসে ৩ উইকেট শিকার করেন নাঈম হাসান। ১ উইকেট পান নাহিদ রানা।