কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দিতে বিসিসিআইয়ের নির্দেশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খবর এনডিটিভির।

সাইকিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে নির্দেশ দিয়েছে যে, তাদের দলের একজন খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে (বাংলাদেশ) ছেড়ে দিতে হবে। বিসিসিআই আরও জানিয়েছে যে, যদি তারা কোনো রিপ্লেসমেন্ট চান, তাহলে বিসিসিআই তা অনুমোদন করবে।

গত মাসের আইপিএল মিনি-নিলামে কেকেআর মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি রুপিতে কিনেছিলো। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র নিলামযুদ্ধের পর এই রেকর্ড মূল্যে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তিনি কেকেআর-এ যোগ দিয়েছিলেন।

এই সিদ্ধান্তের পিছনে রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এবং বাংলাদেশে সাম্প্রতিক অশান্তি, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু (বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর) হামলার খবর। এই ঘটনাগুলো ভারতে ব্যাপক প্রতিবাদ ও রাজনৈতিক সমালোচনার জন্ম দিয়েছে। বিজেপি, শিবসেনাসহ বিভিন্ন নেতা এবং আধ্যাত্মিক ব্যক্তিত্বরা কেকেআর এবং তার সহ-মালিক শাহরুখ খানের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন।

এর আগে বিসিসিআই সরকারের কোনো নির্দেশ না থাকায় ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি অনুসরণ করলেও, জনমতের চাপে এবার এই পদক্ষেপ নেওয়া হলো। 

মুস্তাফিজুর ২০২৬ আইপিএল নিলামে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দলে স্থান পেয়েছিলেন। কিন্তু বাদ দেওয়ার নির্দেশ কেকেআর-এর জন্য এটি একটি বড়ো ধাক্কা। মুস্তাফিজুরকে দলের ডেথ ওভারের বিশেষজ্ঞ হিসেবে দেখা হচ্ছিল। তার অনুপস্থিতিতে বোলিং আক্রমণে ফাঁকা পড়বে। এখন দলকে ম্যাথিশা পাথিরানা (১৮ কোটি রুপিতে কেনা) এবং অন্য ভারতীয় পেসারদের ওপর নির্ভর করতে হবে। 

এদিকে বিসিসিআই রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়ার অনুমতি দিলেও, ৯.২০ কোটি টাকা পুরোপুরি ফেরত পাওয়া যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।

কেকেআর এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।