আর কিছুক্ষণের মধ্যেই শাহবাজ-নকভি বৈঠক

আর কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত। স্থানীয় সময় চারটায় ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভী। খবর এনডিটিভি। 

সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যা থেকে পাকিস্তানের সরে দাঁড়ানো কিংবা ভারতের সঙ্গে ম্যাচ বর্জনের বিষয়টিই হবে এই বৈঠকের মূল আলোচ্যসূচি। জানা গেছে, পাকিস্তান সরকার বিশ্বকাপ বর্জনের চেয়ে বিকল্প কিছু ভাবতে পিসিবি প্রধানকে নির্দেশনা দিয়েছে। 

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত সফরে বাংলাদেশের অসম্মতি জানানোয় আইসিসি তাদের বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেয়া হয়েছে। মজার ব্যাপার হলো, পাকিস্তান রোববার এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে; তবে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের ওপর।

পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহসিন নকভী বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের প্রেক্ষাপট পাকিস্তানি খেলোয়াড়দের বিস্তারিত বুঝিয়ে বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ বিষয়ে তাদের অবস্থান নির্ধারিত হবে সরকারের পরামর্শ অনুযায়ী।

বোর্ডের এই নীতিগত সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে খেলোয়াড়রা নকভীকে বলেছেন, আপনারা এবং সরকার যে সিদ্ধান্তই নেবেন, আমরা আপনাদের পাশেই থাকব। অর্থাৎ, ইসলামাবাদ থেকে যদি বিশ্বকাপ বয়কটের নির্দেশ আসে, তবে খেলোয়াড়রা তাতে পূর্ণ সংহতি জানাবেন।