নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বার্মিংহামের এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দীর্ঘ এক মাসব্যাপী এই লড়াইয়ের পর্দা নামবে ১২ জুলাই লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

এবারের আসরে বাংলাদেশ নারী দল পড়েছে এক নম্বর গ্রুপে, যাকে ক্রিকেটের পরিভাষায় অত্যন্ত কঠিন একটি গ্রুপ হিসেবে দেখা হচ্ছে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে নারী ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। এছাড়াও আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান, গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এবং প্রথমবারের মতো বিশ্বমঞ্চে আসা নেদারল্যান্ডস।


অন্যদিকে, দুই নম্বর গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সাথে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল ১৪ জুন বার্মিংহামের এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ।

১৭ জুন হেডিংলিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জুন দ্বিতীয় ম্যাচে সাউদাম্পটনের ইউটিলিটা বোলে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২৫ জুন ম্যানচেস্টারের বিখ্যাত ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে লড়াই করছে বাংলার মেয়েরা। আর, ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।


ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগে ইংল্যান্ডে না খেলায় পুরো দল বেশ রোমাঞ্চিত। জ্যোতি বলেন, আমরা জানি এটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, কিন্তু মাঠে নামার জন্য আমাদের আর তর সইছে না। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা দেশের জন্য সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।

মারুফা আক্তার ও নাহিদা আক্তারদের নিয়ে গড়া টাইগ্রেসরা লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডের মতো বিশ্ববিখ্যাত মাঠে নিজেদের সেরাটা দিয়ে রাঙাতে চান বিশ্বকাপের এই আসর।