নারী হোটেলকর্মির সঙ্গে পাক ক্রিকেটারের আশালীন আচরণ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই চরম বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। লঙ্কার ক্যান্ডিতে অবস্থান করার সময় হোটেলের এক নারী কর্মীর সাথে অভব্য আচরণের অভিযোগে পাকিস্তান দলের একজন ক্রিকেটারকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার, টেলিকম এশিয়া স্পোর্টের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইট পর্বের শেষ ম্যাচের আগে ক্যান্ডির 'গোল্ডেন ক্রাউন' হোটেলে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ওই ক্রিকেটার হোটেলের হাউসকিপিং বিভাগের এক নারী কর্মীর সাথে অশালীন আচরণ করেন। ওই কর্মী চিৎকার করে সাহায্য চাইলে হোটেলের অন্যান্য কর্মীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর হোটেল কর্তৃপক্ষ পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে লিখিত অভিযোগ জানান। হোটেল ম্যানেজমেন্ট এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানালেও, ম্যানেজার চিমা সেই নারী কর্মী ও হোটেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেন তিনি।


যদিও পাকিস্তান ওই ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়েছিল, কিন্তু নেট রান-রেটের মারপ্যাঁচে তারা সেমিতে উঠতে ব্যর্থ হয় এবং ইতিমধ্যেই দেশে ফিরে গেছে। তবে দেশে ফেরার পরই এই ঘটনা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড মহলে গুঞ্জন শুরু হয়েছে। জানা গেছে, অভিযুক্ত খেলোয়াড়কে বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হতে হবে এবং ভবিষ্যতে তার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা বা শাস্তির সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে পাকিস্তানের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বিদেশের মাটিতে এ ধরনের আচরণের পুরনো ইতিহাসের কথাও উল্লেখ করা হয়েছে। গত বছর পাকিস্তান শাহিনস দলের ইংল্যান্ড সফরের সময় তরুণ ব্যাটার হায়দার আলীকে ধর্ষণের অভিযোগে ম্যানচেস্টার পুলিশ গ্রেপ্তার করেছিল, যদিও প্রমাণের অভাবে পরে তিনি মুক্তি পান। এছাড়া কয়েক বছর আগে মালয়েশিয়া সফরে দলের ম্যাসাজিস্ট মালং আলীর বিরুদ্ধেও এক নারী কর্মীর সাথে অভব্য আচরণের দায়ে জরিমানা করার রেকর্ড রয়েছে।

বিশ্বকাপের মতো আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন ক্রিকেটারের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি আবারও বড়সড় ধাক্কা খেল বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

তথ্যসূত্র: এনডিটিভি