শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি মারলো এশিয়ার এই পরাশক্তি; সিরিজে আধিপত্য ধরে রাখার পাশাপাশি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে হটিয়ে চার নম্বরে উঠে এসেছে তারা।
বর্তমানে ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় পাকিস্তানের অবস্থান চারে, আর ১ পয়েন্ট পিছিয়ে (১০২) পাঁচে নেমে গেছে অজিরা। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। আর বাংলাদেশ পড়ে আছে ৮২ পয়েন্ট নিয়ে আগের মতোই ৯ নম্বরে।
রাওয়ালপিন্ডির সবুজ গালিচায় ম্যাচের আসল চমক দেখিয়েছেন পাকিস্তানি তরুণ তুর্কি আরাফাত মিনহাস। ব্যাটে-বলে একদম একাই উড়িয়ে দিয়েছেন বিশ্বজয়ী ইংলিশদের। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩০২ রানের পাহাড় গড়েছিল পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ের দিনে সাত নম্বরে নেমে ৫৮ বলে ৯টি চার হাঁকিয়ে খেলেন চমৎকার ৫৯ রানের ইনিংস। এরপর আসল তাণ্ডব বাকি ছিল বোলিংয়ে!
৩০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিনহাজের স্পিন ঘুর্ণিতে পড়ে ৩৮.৪ ওভারে মাত্র ২১৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ৮.৪ ওভারে মাত্র ৪০ রান দিয়ে একাই ৬টি উইকেট ঝুলিতে পোরেন তিনি!
এই জাদুকরী পারফর্ম্যান্সে শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাকের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসিয়েছেন মিনহাজ। পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে একই মাঠে ফিফটি ও ৫ উইকেট নেয়ার অনন্য ‘ডাবল’ অর্জনের কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার।
একদিকে যখন পাকিস্তান জয়ের আনন্দে ভাসছে, অন্যদিকে তখন চরম অস্বস্তিতে বাংলাদেশ। আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে তাওহীদ হৃদয়ের দল। সমীকরণটা শুধু জয়ের নয়, নেট রানরেট সামলে জয়ের পথ খুঁজে পাওয়ার।
বিশ্ব ক্রিকেটে যখন পাকিস্তান একের পর এক বড় দলকে চূর্ণ করে র্যাঙ্কিংয়ে দাপট দেখাচ্ছে, তখন টাইগাররা কি পারবে বুধবারের ম্যাচে জ্বলে উঠে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে? উত্তর মিলবে বিকেলেই!