পাকিস্তানকে জয় উপহার দিয়ে টাইগার যুবাদের বিদায়

ওমানের আল আমেরাত গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে পাকিস্তানের যুবাদের সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। বল হাতে রিজওয়ানউল্লাহর তাণ্ডবে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়ার পর, পাকিস্তানের উদ্বোধনী জুটির ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেছে লাল-সবুজের দল। বাংলাদেশকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে হেসেখেলে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার আব্দুল্লাহ আল মুহির লড়াকু ৪৫ বলে ৫০ রানের ইনিংস এবং অধিনায়ক ফরিদ হাসানের সঙ্গে তাঁর ছোট্ট জুটির ওপর ভর করে কিছুটা এগোনোর চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে একাই ধস নামান রিজওয়ানউল্লাহ; মাত্র ৩০ রান খরচায় তিনি শিকার করেন ৫টি উইকেট। এ ছাড়া মোহাম্মদ সায়াম নেন আরও ২ উইকেট।

U-19 Asia Cup 02
১৩৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচ নিজেদের করে নেয় পাকিস্তান। যদিও স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই, ইনিংসের দশম ওভারে জীবন পেয়েছিলেন ওপেনার হায়াম খান। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে উসমানকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ১২৪ রানের জুটি।

হায়াম ৭২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৯ রান করে রবিউল ইসলামের শিকার হলেও জয় রোধ করা যায়নি। অন্যপ্রান্তে উসমান খান ৫৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থেকে মাত্র ২১.৫ ওভারেই দলের জয় নিশ্চিত করেন। দুর্দান্ত এই জয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান, আর স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ যুবারা।