চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দল ঘোষণা প্রোটিয়াদের

জোহানেসবার্গে ভিন্ন কিছু করার সুযোগ থাকলেও সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ। আর টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বর্ন ফরচুইন।

প্রথম টেস্টে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। এ কারণে ওয়ানডে দলে জায়গা হয়নি তার। তার বদলে এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন মহারাজ। ওয়ানডে সিরিজের দায়িত্ব পাওয়ায় তাকে দ্বিতীয় টেস্টের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথম টেস্টেও খেলেননি এই স্পিনার। সে ম্যাচে একমাত্র স্পিনার হিসেবে খেলা সিমন হারমারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে। বাভুমার অনুপস্থিতিতে ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে এনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে। তবে তিনজনই আছেন ওয়ানডে সিরিজের দলে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর খেলেননি ডানহাতি পেসার নরকিয়া।

বাভুমা ছাড়াও ওয়ানডে দলে নেই মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সে সিরিজের প্রস্তুতির জন্য তাদের বিশ্রামে রাখা হয়েছে।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন লুঙ্গি এনগিডি। তার সঙ্গে পেস বিভাগে থাকছেন নরকিয়া, বশ, জেরাল্ড কোয়েটজে, ডুয়ান জানসেন ও এনকোবানি মোকোয়েনা।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিভাগে থাকছেন কুইন্টন ডি কক, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ত্রিস্তান স্টাবস। এ ছাড়া দলে ফিরেছেন সিনেথেম্বা কোয়েশাইল। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা এই ব্যাটার ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করে আবার দলে জায়গা পেয়েছেন। ব্যাটিং অর্ডারের ওপরের দিকে খেলে সাত ইনিংসে তার সংগ্রহ ২৭৭ রান। স্ট্রাইক রেট ১৯৭.৮৫। এর মধ্যে রয়েছে ১৪ বলে ফিফটি করার কৃতিত্ব। ঘরোয়া টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড।

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন বর্ন ফরচুইন। চোট কাটিয়ে এই দলে ফিরছেন তরুণ পেসার কেনা মাফাখা।

টেস্ট সিরিজ শেষে আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল

ওয়ানডে: কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কোয়েশাইল ও ত্রিস্তান স্টাবস।

টি-টোয়েন্টি: বর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজে, কনর এস্তারুইজেন, দোনোভান পেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কেনা মাফাখা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কোয়েশাইল, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।