দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ডান কনুইয়ের চোটের কারণে শুধু টেস্ট নয়, আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না তিনি। চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন ডানহাতি এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এবং আসন্ন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির জন্য প্রস্তুত হতে হাসানকে পর্যাপ্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিরতিতে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দিতে পারবেন। পাশাপাশি পূর্ণ ফিটনেস নিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পাবেন।
আগামী ২৩ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। এরপরে এক, চার ও সাত ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। সফরের শেষ দিকে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুই সংস্করণের দলেই বিশ্রামে রাখা হয়েছে বেশির ভাগ অভিজ্ঞ ক্রিকেটারকে। বাংলাদেশ এখনো এই দুই সিরিজের দল ঘোষণা করেনি।