এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পরপর চার ও ছক্কা হাঁকিয়ে দলের জয় এনে দেন একাদশ ব্যাটার ইকবাল হোসেন ইমন।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন দিপু ৫০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। ব্যক্তিগত ৩৪ রানে পারভেজ বিদায় নিলেও ইয়াসির আলীর সঙ্গে আরও ৩১ রান যোগ করেন শাহাদাত। তবে দুই উইকেটে ৮১ রান থেকে ৮৩ রানে পৌঁছাতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল।
বিপদের মুহূর্তে ৪৯ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান সাব্বির রহমান ও সাইফউদ্দিন। ব্যক্তিগত ২৮ রানে সাব্বির বিদায় নেওয়ার পর শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট পড়লে জয়ের আশা জাগায় আফগানিস্তান। তবে স্নায়ুচাপ ধরে রেখে শেষ পর্যন্ত টানা চার ও ছক্কা মেরে সাইফ হাসানের দলকে এক উইকেটের জয় এনে দেন ইকবাল হোসেন ইমন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান ‘এ’ দল। দলীয় ২৮ রানে হাসান ইসাখিলকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন পেসার রিপন মণ্ডল। এরপর আরেক ওপেনার ইমরান মীরকেও প্যাভিলিয়নে পাঠান তিনি। দলীয় ৬৬ রানে দারউইশ রাসুলিকে আউট করে ৩০ রানের একটি জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। দলীয় ৮৭ রানে ফয়সাল শিনোজাদাকেও ফেরান রিপন।
পেসারদের পর বল হাতে দাপট অব্যাহত রাখেন বাংলাদেশের স্পিনাররা। দলীয় ১০৮ রানে আফগানিস্তানের পঞ্চম উইকেট তুলে নেন স্পিনার রাকিবুল হাসান। শেষ দিকে ইমনের আরও এক উইকেট ও মোহাম্মদ রুবেলের জোড়া আঘাতে ১৭৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রিপন মণ্ডল। এ ছাড়া সাইফ হাসান, মোহাম্মদ রুবেল ও ইকবাল হোসেন ইমন ২টি করে উইকেট শিকার করেন।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল দুটি যথাক্রমে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি হবে আগামী ২৯ নভেম্বর।