আইপিএল নিলামের তালিকায় ১১ টাইগার ক্রিকেটার

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামের প্রাথমিক তালিকায় নাম লিখিয়েছেন ১১ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে এই তালিকায় সবচেয়ে বড় চমক হলো সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং তারকা পেসার মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতি। এক বছর আগে আইপিএল থেকে মুস্তাফিজকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার ঘটনা এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে নতুন এই তালিকা সামনে এল।

বুধবার প্রকাশিত নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশিদের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন দারুণ ছন্দে থাকা টপ-অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, হৃদয়ের পাশাপাশি তালিকায় রয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো ১৮৪ জন খেলোয়াড়কে ধরে রাখা বা দলে ভেড়ানোর পর এখন সর্বোচ্চ ৬৬টি জায়গা পূরণ করা হবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের স্লট রয়েছে মাত্র ২৫টি।

ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার কয়েক মাস পর আইপিএল নিলামে ১১ বাংলাদেশির উপস্থিতি অনেককেই অবাক করেছে। ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর সৃষ্ট ক্ষোভ ও নিরাপত্তা শঙ্কার কারণে নিজেদের দল ভারতে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তখন মুস্তাফিজকে বাদ দেওয়ার সুস্পষ্ট কারণ না জানালেও বিসিসিআই ‘চারপাশের পরিস্থিতির’ কথা উল্লেখ করেছিল, যা ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং ভারতে তাঁর আশ্রয় নেওয়ার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির দিকেই ইঙ্গিত দেয়। ক্ষমতাচ্যুত হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধে নয়াদিল্লি এখনো সাড়া না দেওয়ায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা রয়েই গেছে।

নিলামের প্রাথমিক ১ হাজার ২২০ জন খেলোয়াড়ের তালিকায় ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের মতো হাই-প্রোফাইল নামও রয়েছে, যাঁর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৯০০ ডলার। তালিকায় ৯৩৯ জন ভারতীয় ক্রিকেটারের আধিপত্য রয়েছে।

বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৫৩ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন; এরপর রয়েছেন দক্ষিণ আফ্রিকার ৪০, ওয়েস্ট ইন্ডিজের ৩৬, নিউজিল্যান্ডের ২৫ এবং আফগানিস্তানের ২৩ জন ক্রিকেটার। এ ছাড়া উদীয়মান ক্রিকেট দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ জন এবং সংযুক্ত আরব আমিরাত ও নেপালের ১০ জন করে খেলোয়াড় রয়েছেন। নিলাম শেষে ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী মৌসুমের জন্য তাদের চূড়ান্ত স্কোয়াড গুছিয়ে নেবে।