জয় দিয়ে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলের (২০২৩) শুভ সূচনা করলো একাত্তর টেলিভিশন। বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে দৈনিক সমকালকে ১-০ গোলে হারায় টিম একাত্তর।
শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ ছিলো একাত্তর টিভির। ইশতিয়াক ইমন, হাবিব রহমান ও সুশান্ত সিনহার আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে সমকাল। গোলের একাধিক সুযোগও তৈরি হয়।
প্রথমার্ধের শেষ মিনিটে গোলের দেখা পায় একাত্তর। ইশতিয়াক ইমনের দুর্দান্ত পাসে গোল করেন হাবিব রহমান।
দ্বিতীয়ার্ধেও দাপুটে খেলা অব্যাহত রাখে একাত্তর। গোল শোধে সমকাল পাল্টা আক্রমণের চেষ্টা চালালেও একাত্তরের রক্ষণের কাছে তারা পেরে ওঠেনি।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম একাত্তর। ম্যাচ সেরা হন একাত্তরের হাবিব রহমান।
এই জয়ে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলের গ্রুপ ফাইনাল নিশ্চিত করলো একাত্তর টিভি। শনিবার গ্রুপ ফাইনালে একাত্তরের প্রতিপক্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টার।
ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টে এবার ৫২টি দল অংশ নিয়েছে।