চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল, ম্যান ইউ ও আর্সেনালের জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগালের ক্লাব স্পোর্টিং ব্রাগার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। অন্য এক ম্যাচে কোপেনহেগেনকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয় পেয়েছে আর্সেনালও।

ঘরোয়া ফুটবলের দুর্দান্ত ফর্মটা চ্যাম্পিয়ন্স লিগেও ধরে রেখেছে স্প্যানিশ ক্লাবটি। মঙ্গলবার রাতে পর্তুগালের মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ব্রাগাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ ক্লাবটির পক্ষে গোল করেছেন রদ্রিগো গোয়েস ও জুডে বেলিংহাম। স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন আলভারো ডিয়ালো।

ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় মাদ্রিদিস্তানরা। ব্রাজিলিয়ান রদ্রিগোর গোলে লিড নেয় প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে লিড দ্বিগুণ করেন জুড বেলিংহাম।

দুই মিনিট বাদে ঘরের মাটিতে এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি ব্রাগা। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এদিকে, আরেক ম্যাচে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এফসি কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ৭২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন হ্যারি ম্যাগুয়ের।

তবে, গোলরক্ষক আন্দ্রে ওনানা স্টপেজ টাইমে দুরন্ত একটি পেনাল্টি বাঁচিয়ে এফসি কোপেনহেগেনের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ প্রথম জয় এনে দেন। 
চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউনাইটেডের এটাই প্রথম জয়। এক বছরের অনুপস্থিতির পর আসরে ফিরে, শেষ পর্যন্ত তিন ম্যাচ পর মূল্যবান তিন পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে তৃতীয় স্থানে উঠে এসেছে।

একই গ্রুপ থেকে তুর্কি ক্লাব গালাতসারেকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে গোল করেন হ্যারি কেইন, জামাল মুসিয়ালা এবং কিংসলে কোমান।

‘বি’ গ্রুপ থেকে সেভিয়ার মাঠে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। নিজে গোল করার পাশাপাশি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দিয়ে গোল করিয়েছেন আর্সেনালের তারকা গ্যাব্রিয়েল জেসুস।

গ্রুপ সি-র ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়েছে নাপোলি। ৬৫ মিনিটে ইতালিয়ান ক্লাবটির হয়ে গোল করেন জিয়াকমো রাসপাদোরি।