দারুণ সময় পার করছে দেশের ফুটবল

দারুণ সময় পার করছে দেশের ফুটবল। একটা শক্ত ভিত খুঁজে পেয়েছে দীর্ঘদিন পর। ইন্টারন্যাশনাল সার্কিটে জাতীয় ফুটবল দল আর ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংস শক্তিশালী দলগুলোর সাথে খেলছে দাপুটে ফুটবল। দেশের একটা ক্লাবের শতভাগ পেশাদারিত্বে কারণেই দিন দিন পাল্টে যাচ্ছে ফুটবলের চিত্র।

বসুন্ধরা কিংসের হেড কোচ অস্কার ব্রুজনকে সেরা বলতে দ্বিতীয় বার চিন্তার প্রয়োজন আছে কি? শুধু ব্রুজনই নন কিংসের এই এই কোচিং স্টাফ দীর্ঘদিন ধরে কাজ করছেন একসাথে। নিজেদের মধ্য বন্ডিংটা হয়েছে যেরকম শক্ত হয়েছে তেমনি ফুটবলারদের মধ্য ছড়িয়ে দিতে পেরেছেন পজিটিভ এনার্জি। শক্তিশালী দল গড়ে বসুন্ধরা কিংস ঘরোয়া লিগে জিতেছে টানা চার শিরোপা। বেড়েছে অপেক্ষার প্রহর কবে আসবে আন্তর্জাতিক অঙ্গন থেকে অর্জন।

সেই সুসময়টাই হয়তো ধরা দিতে শুরু করছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাব হিসেবে বসুন্ধরা কিংসই এশিয়ার কোন আসরে হারিয়েছে ভারতের ক্লাব মোহনবাগনকে। সেই সাথে উঠে এসেছে এএফসি কাপের ডি গ্রুপের চূড়ায়। পরের পর্বে যেতে হলে হোমে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস আর অ্যাওয়েতে উড়িষ্যার সাথে জিততেই হবে। সেই আত্মবিশ্বাসটা আছে কোচ আর অধিনায়কের।

বাংলাদেশের ফুটবলের পরিবর্তন ধরা পড়েছে প্রতিপক্ষের কাছেও। গেল সাফ থেকে শুরু হওয়া বাংলাদেশ দাপটে পারফর্মেন্স নজর কেড়েছে সবার।

ফুটবলে শর্টকার্ট বলে কিছু নেই। এগুতে হবে ধাপে ধাপে। ফুটবলারদের মানোন্নয়ন থেকে শুরু করে অবকাঠামো সবকিছুই চলছে সমান তালে। কিংস অ্যারেনা যেন হোম টিমের দুর্গ। ফুটবলের দিন বদলের রূপকার ক্লাব সভাপতি ইমরুল হাসান। একে একে বাস্তবে রূপ দিচ্ছেন সব কল্পনাকে। তার উপরেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের আস্থা।

বসুন্ধরা কিংসের এগিয়ে চলার সুফলটা পাচ্ছে জাতীয় দল। অস্কার ব্রুজন আর জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা এই দুই স্প্যানিয়ার্ডের কারণে গতি এসেছে দেশের ফুটবলে। প্রতিপক্ষ যত কঠিনই হোক হার না মানার মানসিকতাই এখন ফুটবলারদের বড় শক্তি।

জামাল ভূঁইয়া বলেন, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ থাকলেও আমরা আত্মবিশ্বাসী।

চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের পয়লা ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে লড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।