এমবাপের দলবদলে নতুন মোড়

স্প্যানিশ গণমাধ্যমের পাঁকা খবর রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন কিলিয়ান এমবাপে। এই খবর যখন সবাই বিশ্বাস করতে শুরু করলো তখনই মুখ খুললো পিএসজি কর্তৃপক্ষ। সাফ কথা, রিয়াল মাদ্রিদের সাথে কোনো কথাই হয়নি এমবাপের। এখন প্রশ্ন হলো এই ফরাসী ইয়াংস্টার আসলে যাবেন কোথায় নাকি থেকে যাবেন পিএসজিতেই।

চারিদিকে শুধু খবর আর খবর... কোনটা বিশ্বাস করবেন আর কোনটা করবেন না? সাবজেক্ট যদি হন কিলিয়ান এমবাপে... তখন কোনোটাই বিশ্বাস করার উপায় নেই। নানামুখী খবরে ফরাসি সুপারস্টারের ভবিষ্যৎ এতোটাই অনিশ্চিত যা হার মানিয়ে ফেলতে পারে হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রটাকেও।

হঠাৎই গণমাধ্যমের তাজা খবর রিয়ালের সাথে প্রাথমিক চুক্তি নাকি সেরে ফেলেছেন এমবাপে। আবার কেউ বলছে যোগ দিতে যাচ্ছেন প্রিমিয়ার লিগে। ট্র্যান্সফার মার্কেটে নানা খবরে যখন সয়লাব তখন একমাত্র ভরসা ট্র্যান্সফার উইন্ডো স্পেশালিস্ট ফ্র্যাবিজিও রোমানো। তার সোর্স বলছে রিয়ালের সাথে এমবাপের চুক্তি নিয়ে হওয়া খবর পুরোটাই গুজব।

পিএসজি ক্যাম্পের সাফ স্ট্যাটমেন্ট, এখনো পর্যন্ত এমবাপে রিয়াল মাদ্রিদের সাথে কোনো আলোচনাই করেনি।

এই যখন হাল তখন, পিএসজি জানায় এই সামারে যদি এমবাপে ফ্রান্স ছাড়ে তবে তাকে ছাড়তে হবে লয়্যালটি বোনাসের মোটা অর্থ। যা প্রায় ৭০ মিলিয়ন থেকে ৮০ মিলিয়ন ইউরো।

এমবাপে-রিয়াল মাদ্রিদ-পিএসজি এই নাটকটা বেশ পুরনো। এর আগে ২০২২ সালেও একবার খবর রটে রিয়ালের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন এমবাপে। সেখান থেকে হঠাৎ ইউটার্ন নেন বিশ্বকাপজয়ী এই তারকা। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিজের দেশের ক্লাব পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হন। সেই সময়ের করা পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি শেষ হচ্ছে চলতি গ্রীষ্মে।

চারিদিকে এমবাপেকে নিয়ে এতসব গুঞ্জন নিশ্চয়ই মাঠের খেলাতেও পড়েছে তার প্রভাব। কোথায় কী, এই ইয়াংস্টার চলছেন নিজের ঢংয়ে, মাঠে নামছেন মুড়ি মুড়কির মতো গোল করছেন। দলকে জিতিয়ে চলেছেন। ওই যে কথায় তো আছে, যার বিয়ে তার খবর নাই আর পাড়া পড়শির ঘুম নাই।