ঢাকায় বিশ্বকাপের বাছাইপর্ব ফুটবলের নাটকীয় সমাপ্তি হলো। ইনজুরি টাইমে গোল দিয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে গেছে ফিলিস্তিন, আর ম্যাচটি থেকে অন্তত একটি পয়েন্ট রাখতে না পেরে হতবাক বাংলাদেশও।
মঙ্গলবার, বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে হোম ম্যাচে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে জামাল-তপুদের হারায় ফিলিস্তিনিরা।
বিকেল ৩টা ৩০ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় পঞ্চম ম্যাচে এসে আপরাজিত থাকার দর্পও চূর্ণ হলো বাংলাদেশের। ২০০৬ সালের ড্রয়ের পর ফিলিস্তিনের বিপক্ষে এ নিয়ে টানা সাত ম্যাচ হারল দল।
প্রথমার্ধে ফিলিস্তিনকে গোল করতে দেয়নি বাংলাদেশ। গোলের কয়েকটি সুযোগ পেয়েও দ্বিতীয়ার্ধ শেষেও গোলশূন্য ছিলো দু’দেশ। তবে যোগ করা সময়ে ১০ জনের ফিলিস্তিনের কাছে হেরে যায় স্বাগতিকরা।
যোগ করা সময়ের চার মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ। মুসাবের পাস থেকে হেড নেন বদলি খেলোয়াড় ইসলাম বাতরান। বক্সের বাম প্রান্তে ফাকায় বল পেয়ে যান তেরমানিনি।
ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। ১-০ গোলে লিড নেয় অতিথিরা। খেলার বাকি সময় চেষ্টা করেও ফলাফলে পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ।
বাছাইয়ের ‘আই’ গ্রুপে এ নিয়ে তৃতীয় ম্যাচ হারল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলের হার দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরুর পর কিংস অ্যারেনাতেই লেবাননের বিপক্ষে কাবরেরার দল করেছিল ১-১ ড্র।
এ হারে টেবিলের তলানিতে থাকলো বাংলাদেশ। অন্যদিকে ফিলিস্তিন দ্বিতীয় স্থান আরও পোক্ত করে নিল। লায়ন্স অফ কানান এখন সাত পয়েন্টে নিয়ে তৃতীয় স্থানে থাকা লেবাননের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে।