ভারতীয় ফুটবল আইকন এবং দেশটির জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৬ জুন থেকে তাকে আর দেখা যাবে না আন্তর্জাতিক ফুটবলের মাঠে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি জানিয়েছেন, যে কুয়েতের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিই হবে তার শেষ খেলা।
ভিডিওতে ছেত্রী বলেন, এটিই (ভারত-কুয়েত) আমার শেষ খেলা, আসুন আমরা সবাই আমাদের জন্যই খেলাটি জিততে পারি এবং আমি আনন্দের সঙ্গে বিদায় নিতে পারি। ৩৯ বছরের ছেত্রী গেলো ১৯ বছর ধরে ভারতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। ২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন ছেত্রী। সেই কথা এখনও ভুলতে পারেননি তিনি।
সুনীল ছেত্রী বলেন, ভারতের হয়ে খেলা প্রথম ম্যাচ এখনও ভুলতে পারিনি। ম্যাচের দিন সকালে আমাকে ঘরে ডেকে কোচ বলেছিলেন, তুমি খেলছো। সেই পুরোটা দিন, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, মাঠে নামা, খেলা, এবং অভিষেক ম্যাচে ৮০ মিনিটে গোল পাওয়া, আমি কখনও ভুলতে পারিনি। জীবনের সেরা মুহূর্ত। আজ বারবার ঘুরে আসছে দিনটা। বারবার মনে পড়ে যাচ্ছে সব কিছু।
তিনি আরও বলেন, ১৯ বছর ধরে দায়িত্ব, চাপ আর সাফল্যের অবিশ্বাস্য মিশেলের মধ্যে কেটেছে। আমি কখনও ভাবিনি, দেশের হয়ে এতটা লম্বা খেলব। এতগুলো ম্যাচ খেলব। এত গোল করব। গত দেড়-দু’মাস ধরেই ভাবছি। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নিতে পেরেছি, এটাই দেশের হয়ে আমার শেষ ম্যাচ। সিদ্ধান্তটা নেওয়ার পর তা পরিবারকে জানিয়েছি। বাবা স্বাভাবিক ছিলেন। আমার স্ত্রী একটু অদ্ভুত আচরণ করেছে।
বর্তমানে খেলে চলছেন, এমন ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছেত্রী। ভারতের হয়ে ১৫০ ম্যাচে ৯৪ গোল করেছেন। ২০৬ ম্যাচে ১২৮ গোল নিয়ে শীর্ষে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮০ ম্যাচে ১০৬ গোল নিয়ে দুইয়ে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও ছেত্রীর। ভারতের জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন চারবার। ২০০৮ সালে জিতেছেন এএফসি চ্যালেঞ্জ কাপ। ২০১৮ ও ২০২৩ সালে জিতেছেন ইন্টারকনটিনেন্টাল কাপ। ছেত্রী জন্ম সেকান্দারাবাদে, তবে বেড়ে উঠেছেন দিল্লিতে।
কিন্তু কলকাতার সঙ্গে সুনীল ছেত্রীর সম্পর্কের গভীরতা অতল। ফুটবল জীবনের প্রথম চার বছর খেলেছেন মোহনবাগানে। ইস্টবেঙ্গলে খেলেছেন দু’বছর। এই শহরের জামাই তিনি। সেই কলকাতাতেই দেশের জার্সি গায়ে জীবনের শেষ ম্যাচ খেলতে নামছেন। ৬ জুন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনকারী পর্বে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। ম্যাচটি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হবে।