নাটকীয় জয়ে শেষ ষোলতে আইভরি কোস্ট ও ক্যামেরুন

আফ্রিকান নেশন্স কাপে বুধবার নাটকীয় এক রাত উপভোগ করল ফুটবল বিশ্ব। দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গ্যাবনকে ৩-২ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে থেকে নকআউট পর্বে পা রাখল বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। এদিনের অন্য ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে ক্যামেরুন।

মারাকেশে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা মোটেও ভালো ছিল না আইভরি কোস্টের। চোটের কারণে তারকা খেলোয়াড় পিয়েরে-এমেরিকের অনুপস্থিতি সত্ত্বেও গ্যাবন শুরুতেই আইভরি কোস্টকে চেপে ধরে। খেলার ১১ মিনিটে গুয়েলর কাঙ্গা এবং ২১ মিনিটে ডেনিস বুয়াঙ্গার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গ্যাবন।

তবে বিরতির ঠিক আগে উইলফ্রিড জাহার পাস থেকে গোল করে ব্যবধান কমান জিন-ফিলিপ ক্রাসো। দ্বিতীয়ার্ধের শেষদিকে বদলি খেলোয়াড়দের জাদুতে ম্যাচের মোড় ঘুরে যায়। ৮৪ মিনিটে অ্যাস্টন ভিলার স্ট্রাইকার ইভান গেস্যান্ড সমতা ফেরান। আর অতিরিক্ত সময়ে বাজুমানা তুরের গোলে জয় নিশ্চিত করে আইভরি কোস্ট।

coast1

এদিকে, আগাছিরে অনুষ্ঠিত অন্য ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে কঠিন লড়াই করতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ক্যামেরুনকে। ২৩ মিনিটে জেনি কাটামোর গোলে লিড নেয় মোজাম্বিক। তবে ৫ মিনিট পরেই আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে ক্যামেরুন। ম্যাচের ৫৫ মিনিটে ১৯ বছর বয়সী তরুণ প্রতিভা ক্রিশ্চিয়ান কোফানে বক্সের বাইরে থেকে এক বুলেট গতির শটে জয়সূচক গোলটি করেন।

গ্রুপ পর্ব শেষে আইভরি কোস্ট ও ক্যামেরুন উভয়েরই পয়েন্ট সমান (৭)। এমনকি গোল ব্যবধানও সমান। তবে বেশি গোল দেয়ার সুবাদে (আইভরি কোস্ট ৫, ক্যামেরুন ৪) গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আইভরি কোস্ট।