আমেরিকাকে ঘরের মাঠেই ফুটবল শেখালো বেলজিয়াম

বিশ্বকাপ ফুটবলের সহ-আয়োজক হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশনে বেলজিয়ামের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মরিসিও পোচেত্তিনোর যুক্তরাষ্ট্র। আর, মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের উদ্বোধনীর মহড়ায় পর্তুগাল ও মেক্সিকোর লড়াই গোলশূন্য ড্রতে শেষ হয়েছে।

বিশ্বকাপ শুরুর মাত্র ৭৫ দিন আগে আটলান্টার গ্যালারি ঠাসা ৬৭ হাজার দর্শকের সামনে আমেরিকার এই হার দলটির জন্য একটি বড় 'ওয়েক-আপ কল' বা সতর্কবার্তা। ম্যাচের শুরুতে ওয়েস্টন ম্যাককেনি গোল করে স্বাগতিকদের এগিয়ে নিলেও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ছবি: সংগৃহীত
বিশ্বের ৯ নম্বর দল বেলজিয়াম দ্রুতই খেলায় ফেরে এবং জেনো ডেবাস্ট, আমাদু ওনানা ও চার্লস ডি কেটেলারের গোলের পাশাপাশি দোদো লুকেবাকিওর জোড়া গোলে মার্কিন রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দেয়। প্যাট্রিক আগিয়েমাং যুক্তরাষ্ট্রের হয়ে শেষ দিকে একটি সান্ত্বনাসূচক গোল করেন।

ম্যাচ শেষে কোচ পোচেত্তিনো একে একটি 'রিয়েলিটি চেক' হিসেবে বর্ণনা করে বলেন, বিশ্বকাপের আগে উন্নতির জন্য এই অভিজ্ঞতা প্রয়োজন।

ছবি: সংগৃহীত
এদিকে, মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে উৎসবের আমেজে বিষাদ ঢেলে দিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্টেডিয়ামের বক্স সিট এলাকা থেকে পড়ে গিয়ে এক মদ্যপ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জানা গেছে, ওই ব্যক্তি এক স্তর থেকে অন্য স্তরে লাফিয়ে নামার চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।

মাঠে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রাফায়েল লিয়াওকে ছাড়াই মাঠে নেমেছিল পর্তুগাল। পুরো ম্যাচে ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও ফেলিক্সরা দাপট দেখালেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাননি। ১০টি শট নিলেও লক্ষ্যে শট ছিল খুবই কম, যা নিয়ে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, ঘরের মাঠে মেক্সিকোর নিষ্প্রভ পারফরম্যান্সে ম্যাচ শেষে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে স্বাগতিক ফুটবলারদের।

ছবি: সংগৃহীত
ইউরোপের অন্য এক প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচের আসল নায়ক ছিলেন ২২ বছর বয়সী ফ্লোরিয়ান উইর্টজ। ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা এই লিভারপুল তারকা দুই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুই গোল করিয়েছেন। ৮৬ মিনিটে তার দর্শনীয় কার্লিং শট জার্মানিকে এক রোমাঞ্চকর জয় উপহার দেয়। উইর্টজ জানান, তাদের লক্ষ্য ঘরের মাটিতে বিশ্বকাপ ট্রফি জেতা, তবে পথটা যে অনেক কঠিন তা-ও তিনি স্বীকার করেছেন।

মঙ্গলবার পরবর্তী প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে পর্তুগালের এবং মেক্সিকো লড়বে বেলজিয়ামের বিপক্ষে।