লিভারপুলের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন সালাহ!

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর অ্যানফিল্ড অধ্যায়ের সমাপ্তিটা হলো বেশ বিষাদময়। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুম থেকে ছিটকে গেছেন এই মিশরীয় ফরোয়ার্ড। মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান নিশ্চিত করেছেন, লিভারপুলের জার্সিতে সালাহ তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন।

শনিবারের সেই ম্যাচে ৬০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ার সময় দর্শকদের করতালির জবাব দেন ৩৩ বছর বয়সী এই কিংবদন্তি। যদিও লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আপডেট জানায়নি, তবে ইব্রাহিম হাসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সালাহর হ্যামস্ট্রিংয়ে টিয়ার ধরা পড়েছে এবং তাঁর সুস্থ হতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। এর ফলে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁকে আর দেখা যাবে না।


লিভারপুল কোচ আরনে স্লট এই ঘটনায় হতাশা প্রকাশ করে বিবিসিকে বলেন, আরেকটি জয় এবং সাথে আরেকটি ইনজুরি, এটাই আমাদের এই মৌসুমের গল্প। সালাহ নিজে থেকে মাঠ ছাড়ছে মানেই বুঝতে হবে চোট কতটা গুরুতর। চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন সালাহ। ক্লাবের হয়ে ৯টি ট্রফিজয়ী এই যাত্রার শেষটা মাঠের গোলের বদলে সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণের মাধ্যমে হতে যাচ্ছে, যা ব্রেন্টফোর্ডের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে অনুষ্ঠিত হবে।

লিভারপুলের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন। তবে ক্লাব ফুটবল থেকে ছিটকে গেলেও ২০২৬ বিশ্বকাপে মিশরের হয়ে মাঠে নামার ব্যাপারে আশাবাদী তিনি। গ্রুপ জি-তে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের মুখোমুখি হবে মিশর।

সালাহ এখন সম্পূর্ণ মনোনিবেশ করছেন উত্তর আমেরিকায় ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দিকে। ২০১৮ বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কাঁধের চোটের কারণে যে ধাক্কা তিনি খেয়েছিলেন, এবার তার পুনরাবৃত্তি এড়াতে এবং শতভাগ ফিট হয়ে বিশ্বকাপে অংশ নিতে তিনি বদ্ধপরিকর। লিভারপুল ভক্তদের জন্য এটি একটি যুগের অবসান, যারা তাদের 'মিশরীয় রাজা'কে আর লাল জার্সিতে গোল উদযাপন করতে দেখতে পাবেন না।