আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর, ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে এই তারকা ফুটবলারের রিয়াদ গমন ইউরোপীয় ফুটবলে বেশ ভালোই সাড়া ফেলেছে।
চুক্তির অর্থ আনুষ্ঠানিকভাবে গোপন রাখা হলেও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ট্রান্সফার ফি হিসেবে আর্সেনাল নিশ্চিতভাবে পাচ্ছে ৬ কোটি পাউন্ড (প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার)। এর মাধ্যমে ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান আন্তর্জাতিক তারকা গানার্সদের ইতিহাসের সবচেয়ে দামি বিক্রি হওয়া খেলোয়াড়ে পরিণত হলেন। ২০১৭ সালে ৩৫ মিলিয়ন পাউন্ডে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের লিভারপুলে যাওয়ার দীর্ঘদিনের রেকর্ডটি ভেঙে গুঁড়িয়ে দিলেন মার্টিনেলি।
আল-হিলালের সঙ্গে চার বছরের চুক্তিতে সই করেছেন তিনি। নতুন ক্লাবের অফিসিয়াল ভিডিওতে নীল জার্সিতে মার্টিনেলিকে বেশ রোমাঞ্চিত ভঙ্গিতে বলতে শোনা যায়, "নীল হতে পেরে গর্বিত, আল-হিলালের অংশ হতে পেরে গর্বিত।
মার্টিনেলির বিদায় কিন্তু আর্সেনাল শিবারে বেশ কিছু প্রশ্ন রেখে যাচ্ছে। নতুন মৌসুমে অলিম্পিয়াকোস থেকে ক্রিস্টোস জোলিসকে দলে ভেড়ালেও, একই উইন্ডোতে লিয়ান্দ্রো ট্রোসার্ডকে বেসিকতাসের কাছে বেচে দেয়ার পর মার্টিনেলিকেও বিদায় জানানোয় আর্সেনালের বাম উইং এখন বেশ ফাঁকা।
অথচ গত মৌসুমে ২০০৪ সালের পর আর্সেনালের প্রথম প্রিমিয়ার লিগ জয়ে মার্টিনেলি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো; সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৫৩টি ম্যাচ, গোল করেছেন ১১টি। আর্সেনালের হয়ে প্রায় ৩০০ ম্যাচে ৬২ গোল করা এই তারকা ২০২০ সালের এফএ কাপ ও ২০২৩ সালের কমিউনিটি শিল্ড জয়েও বড় ভূমিকা রেখেছিলেন।
এত সাফল্যের পরও নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে মার্টিনেলিকে স্কোয়াডেই রাখেননি কোচ মিকেল আর্তেতা। স্প্যানিশ এই মাস্টারমাইন্ড পরিষ্কার সংকেত দিয়েছিলেন, এমিরেটসে থাকলে মার্টিনেলির খেলার সুযোগ মিলবে না বললেই চলে। ক্লাবের এই নির্মম আচরণের বিরুদ্ধে তোপ দেগেছেন আর্সেনালের সাবেক কিংবদন্তি স্ট্রাইকার ইয়ান রাইট।
স্কাই স্পোর্টসে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, মার্টিনেলির সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা সত্যিই অস্বস্তিকর। আপনারা হয়তো তাকে বিক্রি করতে চান, কিন্তু একটি বিশ্বস্ত খেলোয়াড়কে বিদায় জানানোরও একটা সম্মানিত উপায় থাকা উচিত।
যাই হোক, ইউরোপীয় ক্লাবের কেনার সময়সীমা পার হলেও বিক্রির পথ খোলাই ছিল। আর সেই ফাঁক গলে অলি ওয়াটকিন্সের পর মার্টিনেলিকে উড়িয়ে নিয়ে আল-হিলাল প্রমাণ করল—অর্থ আর শক্তির খেলায় তারা ইউরোপের যেকোনো পরাশক্তিকে টেক্কা দিতে প্রস্তুত!
তথ্যসূত্র: আল জাজিরা
রমরমা দলবদলে ৩৩০ কোটি ডলারের রেকর্ড বাণিজ্য!
ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করলো বিসিবি