আর্জেন্টিনা দলে জায়গা ফিরে পেতে মরিয়া দিবালা

এএস রোমায় ইনজুরি জর্জরিত একটি মৌসুম পার করার পর পাওলো দিবালা এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দলে নিজের জায়গা ফিরে পেতে মরিয়া এই ফরোয়ার্ড সম্প্রতি তার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

২০২৫-২৬ মৌসুমটি দিবালার জন্য ছিল চরম হতাশাজনক। পেশির চোট এবং হাঁটুর অস্ত্রোপচারের কারণে তিনি এই মৌসুমে মোট ১৯টি ম্যাচে মাঠের বাইরে ছিলেন। পুরো মৌসুমে মাত্র ২৩টি ম্যাচে অংশ নিয়ে তিনি ৩টি গোল ও ৪টি অ্যাসিস্ট করতে সক্ষম হয়েছেন।


সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ২০২৬ সালে তিনি মাত্র একটি ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলতে পেরেছেন। দীর্ঘ তিন মাস মাঠের বাইরে থাকার পর গত ২৫ এপ্রিল মাত্র ১৩ মিনিটের জন্য বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এই দীর্ঘ অনুপস্থিতিই জাতীয় দল থেকে তার ছিটকে যাওয়ার প্রধান কারণ।

ইউটিউব চ্যানেল ‘লো দেল পোলো’-তে হোয়াকিন আলভারেজের সঙ্গে আলাপকালে দিবালা বলেন, আমরা সবাই জাতীয় দলে থাকতে চাই, কিন্তু কাজটা সহজ হবে না। আগে আমাকে ক্লাবে নিয়মিত খেলে ছন্দ ফিরে পেতে হবে। দলের কোচ লিওনেল স্কালোনির প্রতি কোনো ক্ষোভ নেই জানিয়ে তিনি বলেন, ইনজুরির কারণে আমি বেশ কিছু ডাক মিস করেছি। আর্জেন্টিনার মতো দলে ধীরগতিতে চলার কোনো সুযোগ নেই। আমি এখন এমন অবস্থানে নেই যে কোচকে ফোন করে জিজ্ঞেস করব কেন আমি দলে নেই।


মার্চের রিপোর্ট অনুযায়ী, আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের ২১টি স্থান প্রায় নিশ্চিত। বাকি জায়গাগুলোর জন্য দিবালা ছাড়াও জিয়ানলুকা প্রেস্তিয়ানি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং জোসে ম্যানুয়েল লোপেজের মতো তরুণ তুর্কিরা কড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর দিবালা আর আলবিসেলেস্তেদের জার্সিতে মাঠে নামতে পারেননি। কাতার বিশ্বকাপের ফাইনালে এমবাপের নিশ্চিত গোল ঠেকানো এবং পেনাল্টি শুটআউটে লক্ষ্যভেদে অবদান রাখা দিবালা এখন স্কালোনির ভাবনার অনেকটাই বাইরে।

সময় ফুরিয়ে আসছে দ্রুত। দিবালা নিজেও জানেন, ফিটনেস পুনরুদ্ধার না করতে পারলে তার জন্য বিশ্বকাপের ফ্লাইটে ওঠা প্রায় অসম্ভব। ক্লাবের হয়ে শেষ মুহূর্তের কোনো জাদুকরী পারফরম্যান্সই শুধু তাকে স্কালোনির গুডবুকে ফিরিয়ে আনতে পারে। এখন দেখার বিষয়, ইনজুরি কাটিয়ে ‘দ্য জুয়েল’ খ্যাত এই তারকা আবারও জাতীয় দলের আকাশি-সাদা জার্সিতে ফেরার স্বপ্ন পূরণ করতে পারেন কি না।