বিশ্বকাপে কোন দলকে নিয়ে বাজি ধরলেন মরিনহো?

ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনও মাসখানেক বাকি, কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই কথার লড়াই জমে উঠেছে তুঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি পারবে তাদের মুকুট ধরে রাখতে? নাকি লিওনেল মেসির হাত থেকে ট্রফি ছিনিয়ে নেবে অন্য কেউ?

ফুটবল বিশ্বের এই চিরন্তন প্রশ্নের মাঝে এবার বোমা ফাটালেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত কোচ হোসে মরিনহো। ইতালিয়ান ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস-উইক’-কে দেয়া এক সাক্ষাৎকারে মরিনহো সাফ জানিয়ে দিলেন, এবার ট্রফি যাচ্ছে তাঁর নিজের দেশ পর্তুগালে।

portugal national football team
মরিনহোর মতে, পর্তুগালের বর্তমান প্রজন্ম ইতিহাসের অন্যতম সেরা। তিনি বলেন, পর্তুগাল সব কিছু করতে সক্ষম। আমরা ইউরো জিতেছি ঠিকই, কিন্তু টেকনিক্যালি এই দলটি সেই চ্যাম্পিয়ন দলের চেয়েও অনেক বেশি শক্তিশালী। মরিনহো মনে করিয়ে দেন, ব্রাজিল (যাদের ডাগআউটে এবার কার্লো আনচেলত্তি) আর শক্তিশালী আর্জেন্টিনা অবশ্যই বড় বাধা, কিন্তু পর্তুগালের সামর্থ্য আছে যে কোনো অসাধ্য সাধনের।

পর্তুগালকে এবার দেখা হচ্ছে বিশ্বের অন্যতম ভারসাম্যপূর্ণ দল হিসেবে। মাঝমাঠ থেকে আক্রমণভাগ—সবখানেই তারকার মেলা। ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেজ, বের্নার্দো সিলভা আর রাফায়েল লিয়াওরা যখন জ্বলে ওঠেন, তখন যেকোনো রক্ষণভাগ তছনছ হয়ে যেতে বাধ্য।

আর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জীবনের শেষ বিশ্বকাপ বলে কথা, সিআর সেভেন যে ট্রফি হাতে নিয়ে বিদায় নিতে কতটা মরিয়া হবেন, তা সহজেই অনুমেয়।

portugal football team
স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজের অধীনে পর্তুগাল এখন এক অপ্রতিরোধ্য শক্তি। সবশেষ ১০টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হারের মুখ দেখেছে তারা ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বেও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে পর্তুগিজরা। কঙ্গো আর উজবেকিস্তানের বাধা টপকানো তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়াইটি হতে পারে গ্রুপসেরা নির্ধারণের মূল চাবিকাঠি।

২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনালে চোখের জলে বিদায় নিতে হয়েছিল রোনালদোদের। সেই ক্ষত এখনও শুকায়নি। তবে, মরিনহোর এই আত্মবিশ্বাসী ভবিষ্যদ্বাণী পর্তুগিজ সমর্থকদের মনে নতুন করে আশার আলো জ্বেলেছে।

এখন দেখার বিষয়, মরিনহোর এই ‘বাজি’ শেষ পর্যন্ত সত্যি হয় কি না। উত্তর আমেরিকা বিশ্বকাপের ঘাসে পর্তুগালের এই ‘গোল্ডেন জেনারেশন’ কি পারবে ট্রফি উঁচিয়ে ধরে মরিনহোর ভবিষ্যদ্বাণীকে সার্থক করতে? উত্তর মিলবে আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে।