ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে নিউ জার্সি পাবলিক রেল সিস্টেম তাদের টিকেটের উচ্চমূল্য আরও একবার কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। বুধবার রেল পরিষেবা প্রদানকারী সংস্থা ‘এনজে ট্রানজিট’ জানিয়েছে, দর্শকদের যাতায়াত সহজ করতে রাউন্ড ট্রিপের টিকেটের দাম ১৫০ ডলার থেকে কমিয়ে ৯৮ ডলার নির্ধারণ করা হয়েছে। ট্রেনের টিকেটের উচ্চমূল্যের ব্যাপক সমালোচনার পর এই সিদ্ধান্ত আসলো।
বিশ্বকাপের দর্শকদের জন্য শুরুতে রাউন্ড ট্রিপের ভাড়া ১৫০ ডলার করা হলেও ব্যাপক সমালোচনার মুখে মে মাসের শুরুতে তা ১০৫ ডলারে নামিয়ে আনা হয়। সেই দাম আরও কমিয়ে ৯৮ ডলার করা হয়েছে। মূলত বিজ্ঞাপন থেকে অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ তৈরি হওয়ায় দাম কমানো সম্ভব হয়েছে।
রেল টিকেটের এই অস্বাভাবিক উচ্চমূল্য নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক ফুটবল ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক লিডার চাক শুমারসহ অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ খুলেছিলেন। স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ ছিল, ফিফা এই টুর্নামেন্ট থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করবে, অথচ নিরাপত্তা এবং পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে নিউ জার্সির সাধারণ করদাতাদের ওপর বিশাল আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।
এনজে ট্রানজিটের চেয়ারম্যান প্রিয়া জৈন এক বিবৃতিতে বলেন, আমরা দৈনিক যাতায়াতকারী যাত্রী এবং সাধারণ গ্রাহকদের ওপর কোনো আর্থিক চাপ না দিয়েই খরচ কমিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষকে সুরক্ষা দিয়ে বিশ্বকাপের যাতায়াতকে সাশ্রয়ী করা। সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন বিজ্ঞাপনী চুক্তির মাধ্যমে আসা অর্থ টিকিটের দাম কমাতে সহায়ক ভূমিকা পালন করেছে।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। নিউ জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে বিপুল সংখ্যক দর্শকের সমাগম আশা করা হচ্ছে। টিকিটের দাম ১০০ ডলারের নিচে নেমে আসায় এখন সাধারণ ভক্তরা অনেকটা স্বস্তিতেই স্টেডিয়ামে যাতায়াত করতে পারবেন।
যাতায়াত খরচ সাশ্রয়ী হওয়ায় এখন স্থানীয় অর্থনীতির পাশাপাশি পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। ১১ জুনের বাঁশি বাজার অপেক্ষায় এখন প্রহর গুনছে ফুটবল বিশ্ব।