ফিফার মঞ্চে কাকাকে পাশে রেখে শাকিরা যা করলেন!

তিনি যেখানেই যান, স্পটলাইট যেন নিজের নিয়মেই তাঁর ওপর এসে পড়ে। এবারও তার ব্যতিক্রম হলো না। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান প্রকাশের অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকার মতো হেভিওয়েটদের পাশে দাঁড়িয়েও শুধু এক সেকেন্ডের এক সূক্ষ্ম ‘মাস্টারস্ট্রোকে’ পুরো লাইমলাইট একা কেড়ে নিলেন পপ কুইন শাকিরা। আর তাঁর সেই ছোট্ট চালটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

Sakira 02
গ্লোবাল সিটিজেন ও ফিফার যৌথ উদ্যোগে বিশ্বকাপের নতুন থিম সং ‘দাই দাই’-এর আনুষ্ঠানিক উন্মোচনের জন্য মঞ্চে জড়ো হয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, ব্রাজিলিয়ান জাদুকর কাকা, গ্লোবাল সিটিজেনের প্রধান নির্বাহী হিউ ইভান্স এবং বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল মিউজিক্যাল আইকন শাকিরা।

Sakira 03
অনুষ্ঠানের একপর্যায়ে ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য সবার হাতে একটি করে বিশেষ বিশ্বকাপ জার্সি তুলে দেওয়া হয়। প্রথা অনুযায়ী, শুরুতে কাকা, ইনফান্তিনোসহ মঞ্চে থাকা বাকি সবাই জার্সির সামনের অংশটি ক্যামেরার দিকে ঘুরিয়ে ধরেন। শাকিরাও প্রথমে সবার সাথে তাল মিলিয়ে তাঁর জার্সিটি সামনের দিকেই ঘুরিয়েছিলেন। কিন্তু ঠিক পরের সেকেন্ডেই তিনি অলক্ষ্যে আলতো করে নিজের জার্সিটি উল্টো করে দেন, যাতে জার্সির পেছনের অংশটি ক্যামেরার মুখোমুখি হয়।

Sakira 04
ব্যস, খেলা ঘুরে গেল ওখানেই! মঞ্চের বাকি সবাই যখন জার্সির সামনের ডিজাইন দেখাচ্ছেন, তখন পুরো ছবিতে শাকিরাই একমাত্র ব্যক্তি হয়ে উঠলেন যাঁর জার্সির পেছনে বড় বড় অক্ষরে লেখা নামটি একদম স্পষ্ট দেখা যাচ্ছিল- SHAKIRA।

মুখে একটি শব্দও উচ্চারণ না করে, হাতের এক মোচড়ে ফিফার শীর্ষ কর্মকর্তা এবং ফুটবল কিংবদন্তিদের ভিড়ে নিজেকে সম্পূর্ণ আলাদা এবং অনন্য করে তুললেন কলম্বিয়ান এই ডিভা। সোশ্যাল মিডিয়ায় ছবিটা ছড়িয়ে পড়তেই নেটিজেনরা শাকিরার এই উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ। বিশ্বকাপের অফিশিয়াল ব্র্যান্ডিং আর করপোরেট কর্তাদের ভিড়ে পুরো ছবিতে এখন যেকোনো মানুষের চোখ সবার আগে গিয়ে আটকাচ্ছে ওই একটি নামের ওপর, শাকিরা!

Sakira 06
আসলে ফিফার মঞ্চ কীভাবে শাসন করতে হয়, তা শাকিরার চেয়ে ভালো আর কে জানেন? ২০০৬ জার্মানি বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বিশ্ব কাঁপানো ‘ওয়াকা ওয়াকা’ কিংবা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ‘লা লা লা’- ফুটবল সংস্কৃতির সাথে নিজের নামকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে শাকিরা ছাড়া বিশ্বকাপ ভাবাই কঠিন। ২০২৬ বিশ্বকাপের দাতব্য ও শিক্ষামূলক প্রজেক্টের গান ‘দাই দাই’ দিয়ে আবারও বিশ্বমঞ্চে নিজের রাজকীয় প্রত্যাবর্তন জানান দিলেন এই পপ সম্রাজ্ঞী; তাও আবার চিরচেনা সেই ‘সসি’ আর বোল্ড স্টাইলে!