আমেরিকা তাড়িয়ে দেয়াতে ইরানকে বুকে নিলো মেক্সিকো!

বিশ্বকাপ ফুটবল মাঠের যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু তার আগেই মাঠের বাইরের নোংরা রাজনীতি ও ভূরাজনীতি খেলাটিকে চরম তপ্ত করে তুলেছে। তিন মাস ধরে চলমান সামরিক উত্তেজনার রেশ এবার সরাসরি আছড়ে পড়ল ফুটবল বিশ্বমঞ্চে।

যুক্তরাষ্ট্র সোজা জানিয়ে দিয়েছে, তারা তাদের মাটিতে ইরানের ফুটবল দলকে পা রাখতে দিলেও আসর চলার পুরো সময় সেখানে ইরানি স্কোয়াডকে ‘আতিথেয়তা’ দিতে বা রাখতে রাজি নয়। আর আমেরিকার এই চরম আপত্তির মুখে ইরানকে বুক বাড়িয়ে আশ্রয় দিয়েছে প্রতিবেশী মেক্সিকো!

তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে ইরানের কোচ আমির গালেনোই ছবি: সংগৃহীত
সোমবার এক বিস্ফোরক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম নিশ্চিত করেছেন যে, তাঁর সরকার বিশ্বকাপ চলাকালীন ইরানি জাতীয় ফুটবল দলকে মেক্সিকোতে থাকার এবং ক্যাম্প করার সম্পূর্ণ অনুমতি দিয়েছে। শিনবাউম জানান, আমেরিকা যখন ইরানি দলকে তাদের দেশে রাখার বিষয়ে স্পষ্ট অনীহা প্রকাশ করে, তখন ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা মেক্সিকো সরকারের দ্বারস্থ হয়।

যুক্তরাষ্ট্রের এই সংকীর্ণ মানসিকতাকে এক হাত নিয়ে মেক্সিকান প্রেসিডেন্ট সগর্বে বলেন, "ইরান ফুটবল দলকে মেক্সিকোতে থাকতে না দেওয়ার মতো কোনো কারণ বা যুক্তি আমাদের সরকারের কাছে নেই।" মেক্সিকোর এই সাহসী ও চড়কানি দেওয়া সিদ্ধান্তের পর ওয়াশিংটনের হোয়াইট হাউস কিংবা স্টেট ডিপার্টমেন্টের মুখ থেকে এখন আর কোনো রা-শব্দ পাওয়া যায়নি; তারা আপাতত পুরোপুরি নীরব।

Iran Team 01
এর আগে গত শনিবার ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ জানিয়েছিলেন, আমেরিকার অ্যারিজোনাতে দলটির যে বিশ্বকাপ বেস বা ক্যাম্প হওয়ার কথা ছিল, তা বাতিল করে এখন মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় স্থানান্তর করা হচ্ছে।

মেহেদি তাজ আরও খোলসা করেন, আমেরিকায় থাকলে খেলোয়াড় ও স্টাফদের ভিসা সংক্রান্ত যে চরম জটিলতা ও হয়রানির মুখোমুখি হতে হতো, মেক্সিকোতে ক্যাম্প করায় তা সম্পূর্ণ এড়ানো যাবে। এখন থেকে ইরানি স্কোয়াড কোনো বাধা ছাড়াই ইরান এয়ারের ফ্লাইটে মেক্সিকোতে গিয়ে নামতে পারবে।

Iran Team 04
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বৈশ্বিক এই মহাযুদ্ধের মাঝে ফুটবলারদের খেলার মানসিকতা ধরে রাখাই ছিল এক মস্ত বড় চ্যালেঞ্জ, যার ওপর ঘি ঢেলে দিল মার্কিন নিষেধাজ্ঞা।

কী অদ্ভুত এক পরিহাস! মার্কিন সরকার ইরান দলকে আসর চলার সময় তাদের দেশের কোনো হোটেলে বা ক্যাম্পে থাকতে দেবে না ঠিকই, কিন্তু খেলার নিয়মে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আমেরিকার মাটিতে। ফলে প্রতি ম্যাচের আগে ইরান দলকে মেক্সিকোর সীমান্ত থেকে উড়ে গিয়ে আমেরিকায় খেলে আবার মেক্সিকোতে ফিরে আসতে হবে।

Iran Team 03
বিশ্বকাপের সময়সূচি অনুযায়ী, জি-গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা, এরপর ২১ জুন তারা মুখোমুখি হবে শক্তিশালী বেলজিয়ামের। আর ২৬ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে পার্সিয়ান লাইওনরা। আমেরিকার এই চরম কূটনৈতিক বৈরিতা ও লাঞ্ছনার জবাব ইরানি ফুটবলাররা মাঠের পারফরম্যান্সে দিতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।