ব্রাজিল ভক্তদের জন্য অবশেষে স্বস্তির সুবাতাস! কাফ ইনজুরির (পায়ের পেশির চোট) কবলে পড়া দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এমনকি আগামী মাসে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনি মাঠে নামতে পারেন বলে জোরালো আশা প্রকাশ করেছেন সেলেসাওদের ইতালিয়ান হাইপ্রোফাইল কোচ কার্লো আনচেলত্তি।
এই ইতালিয়ান গুরুর অধীনে গত এক বছরে ব্রাজিলের কোনো পরিকল্পনাতেই সেভাবে ছিলেন না নেইমার। তা সত্ত্বেও মেগা এই আসরের জন্য একদম শেষ মুহূর্তে এই মহাতারকাকে স্কোয়াডে ফিরিয়ে এনেছেন কোচ। আজ পানামার বিরুদ্ধে ব্রাজিলের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে। তার আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনচেলত্তি নেইমারের ইনজুরি ও দলে অন্তর্ভুক্তি নিয়ে খোলামেলা কথা বলেন।
আনচেলত্তি বলেন, বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগে আমরা সান্তোস ক্লাবের কাছ থেকে একটি রিপোর্ট পেয়েছিলাম যে, নেইমারের পায়ে সামান্য সমস্যা ও ফোলা রয়েছে। আমরা গত ২৭ মে পর্যন্ত বিষয়টি সান্তোসের ওপরই ছেড়ে দিয়েছিলাম। তবে, কোচিং স্টাফদের দৃষ্টিকোণ থেকে নেইমার এমন একজন খেলোয়াড় যাকে দলে রাখাটা বাধ্যতামূলক ছিল। তাই তাকে ডাক দেয়া হয়েছে। ২৭ তারিখের পর ব্রাজিল ফুটবল ফেডারেশন নেইমারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে এবং আমরা তার চিকিৎসাপ্রক্রিয়া গভীরভাবে তদারকি করছি।
ব্রাজিল বস নেইমারের ফেরার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তিনি যোগ করেন, নেইমার কঠোর পরিশ্রম করছে এবং সে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছে। আমাদের বিশ্বাস, ও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবে। আর কোনো কারণে যদি প্রথম ম্যাচে সে মাঠে নামতে নাও পারে, তবে দ্বিতীয় ম্যাচে তাকে অবশ্যই পাওয়া যাবে। তাই স্কোয়াড থেকে নেইমারকে বাদ দিয়ে অন্য কাউকে দলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ বা ‘হেক্সা’ জয়ের মিশন নিয়ে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) বিশ্বমঞ্চে নামবে ব্রাজিল। ঘোষিত সূচি অনুযায়ী, সি-গ্রুপে সেলেসাওদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এখন কোটি কোটি ব্রাজিল ভক্তের একটাই প্রার্থনা, নেইমার যেন দ্রুত বল পায়ে মাঠে নেমে হেক্সা মিশনের হাল ধরেন!