আজমুনকে ছেঁটে ফেলেই ইরানের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন ফুটবল বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বড়সড় এক চমক দেখাল ইরান। সোমবার দল ঘোষণার পর ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়,দলের অন্যতম সেরা তারকা ফরোয়ার্ড সরদার আজমুনের বাদ পড়া। দেশের হয়ে ৯১ ম্যাচে ৫৭টি গোল করা এই গোলমেশিনকে প্রাথমিক দলেও রাখেননি হেড কোচ আমির ঘালেনোই, আর এবার চূড়ান্ত দল থেকেও তাঁকে পুরোপুরি ছেঁটে ফেলা হলো। ইরানের মতো রক্ষণাত্মক ঘরানার দলের জন্য আজমুনের মতো গোলদাতার বাদ পড়াটা যে কতটা বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।

ইরানের হেড কোচ আমির ঘালেনোই, ছবি: সংগৃহীত
মজার ব্যাপার হলো, আজমুনকে দলে ফেরানোর জন্য স্বয়ং ইরানের ভাইস প্রেসিডেন্ট আবদুল করিম হোসেইনজাদেহ পর্যন্ত সুপারিশ করেছিলেন। কিন্তু কোচের মন তাতেও গলেনি। আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলা ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারকে গত মার্চ মাসেও জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর গুঞ্জন, আজমুনের এই বাদ পড়ার পেছনে পারফরম্যান্স নয়, বরং রয়েছে রাজনৈতিক কারণ।

সরকারের প্রতি এক ধরণের 'অবাধ্যতা' বা 'অবিশ্বস্ততা'র শাস্তিস্বরূপ তাঁকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জোরালো গুঞ্জন রয়েছে। আজমুন না থাকায় এখন ইরানের আক্রমণভাগের পুরো গুরুভার গিয়ে পড়েছে ৩৩ বছর বয়সী ওলিম্পিয়াকোস ফরোয়ার্ড মেহেদি টারেমি এবং ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের সাবেক উইঙ্গার আলিরেজা জাহানবখশের কাঁধেই।

মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের নানা নাটকীয়তায় জেরবার ইরান দল। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা ও নিরাপত্তা সংক্রান্ত মাসের পর মাস চলা অনিশ্চয়তার পর শেষ মুহূর্তে নিজেদের থাকার জায়গা বদলে ফেলেছে তারা। ফিফার বিশেষ অনুমতি নিয়ে তারা আমেরিকার অ্যারিজোনার পরিবর্তে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানাতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্প বানানোর সিদ্ধান্ত নিয়েছে।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের সাবেক উইঙ্গার আলিরেজা জাহানবখশ ছবি: সংগৃহীত
মেক্সিকোর সীমান্তে আস্তানা গাড়লেও ইরানকে তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পারসিয়ানরা। এরপর ২১ জুন একই ভেন্যুতে তারা মুখোমুখি হবে শক্তিশালী বেলজিয়ামের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে তাদের প্রতিপক্ষ মিশর।

রাজনীতি, নিষেধাজ্ঞা আর দলের অভ্যন্তরীণ কোন্দলকে বুড়ো আঙুল দেখিয়ে টারেমি-জাহানবখশরা মাঠের লড়াইয়ে কতটা আগুন ছড়াতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত ইরান স্কোয়াড:

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।

রক্ষণভাগ: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, রামিন রেজাইয়ান।

মধ্যমাঠ: রৌজবেহ চেশমি, সাইদ এজাতোলাহি, মেহেদি ঘায়েদি, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি।

আক্রমণভাগ: আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, মেহেদি টারেমি, শাহরিয়ার মোগানলো।