নেইমারকে নিয়ে তাড়াহুড়ো নেই আনচেলত্তির!

বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো ধরণের তাড়াহুড়ো বা বাড়তি ঝুঁকি নিতে রাজি নন সেলেসাওদের ইতালিয়ান হাই-প্রোফাইল কোচ কার্লো আনচেলত্তি। মঙ্গলবার ব্রাজিলের দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে আনচেলত্তি এই মন্তব্য করেন।

Brazil 05
এর আগে কোচ ইঙ্গিত দিয়েছিলেন যে, উত্তর আমেরিকা (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) জুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফুটবল মহোৎসবের প্রথম বা দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচেই নেইমারকে মাঠে পাওয়া যাবে।

তবে গত সপ্তাহে ব্রাজিলের টিম ডক্টর রদ্রিগো লাসমার এক বিস্ফোরক তথ্যে জানান, ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডের পায়ের কাফ মাসলে চোট ধরা পড়েছে, যা তাঁকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে।

Brazil 04
আগামী ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে লাতিন পরাশক্তিরা, আর তার ঠিক আগেই নেইমারের এই চোট ব্রাজিল ভক্তদের মনে বড় ধরণের ধুকপুকানি তৈরি করেছে।

ব্রাজিল দল নিউয়ার্কে অবতরণ করার পর আনচেলত্তি গণমাধ্যমকে আশ্বস্ত করে বলেন, ওর শারীরিক অবস্থার ভালো উন্নতি হচ্ছে, ও ভালো সাড়া দিচ্ছে। তবে ওকে নিয়ে আমাদের কোনো তাড়াহুড়ো নেই।

Brazil 03
সাম্প্রতিক মরশুমগুলোতে চোটের সাথে অবিরাম লড়াই করা এবং প্রায় তিন বছর ধরে জাতীয় দলের জার্সিতে কোনো ম্যাচ না খেলা নেইমারকে যখন আনচেলত্তি ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রেখেছিলেন, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন।

তবে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতাকে ডাগ-আউটে রাখাটাই যে দলের জন্য বড় টনিক, তা ভালো করেই জানেন ইতালিয়ান বস। নেইমারের ক্যারিয়ারের এটিই চতুর্থ বিশ্বকাপ।

Brazil 02
তবে এবারের বিশ্বকাপে ব্রাজিল দল অতীত সংস্করণের মতো প্রতিপক্ষের মনে সেই চেনা ‘ভীতি’ বা ত্রাস ছড়াতে পারছে না, তা বলাই বাহুল্য। লাতিন আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে খুঁড়িয়ে খুঁড়িয়ে পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ নিশ্চিত করা সেলেসাওদের সাম্প্রতিক ফর্মও বড্ড মলিন। গত এক বছরে তারা ফ্রান্স, জাপান এমনকি তুলনামূলক দুর্বল দল বলিভিয়ার কাছেও ম্যাচ হেরেছে।

ব্রাজিলের অতীত ঐতিহ্যের সেই চিরচেনা জৌলুস বা ‘আভা’ এখন আর না থাকলেও, উত্তর আমেরিকার মাটিতে নিজের দল যে হুংকার ছাড়বে, তা জোর দিয়ে বলেছেন আনচেলত্তি।

Brazil 01
তিনি বলেন, আমরা মাঠে প্রতিপক্ষকে ছেড়ে কথা বলব না। নিজেদের সেরাটা বিলিয়ে দিয়ে কঠোর পরিশ্রম করব। ব্রাজিলের কাছে দেশের মানুষের প্রত্যাশা কী, তা আমরা সবাই জানি। বিশ্বকাপে কোনো ফেভারিট দল বলে কিছু নেই; এখানে বেশ কয়েকটি শক্তিশালী দল আছে এবং আমি বিশ্বাস করি, ব্রাজিল যে কোনো দলের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে।

দলের সোনালী অতীত আর বর্তমানের অফ-ফর্ম নিয়ে সমালোচনা চললেও, ট্রফি জয়ের খিদে যে বিন্দুমাত্র কমেনি, তা স্পষ্ট করে দিয়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। তিনি সোজা জানিয়ে দিয়েছেন, দেশের কোটি কোটি মানুষ ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি বা ‘হেক্সা’ জয় ছাড়া অন্য কিছু ভাবছেই না।

Brazil 06
ক্যাসেমিরো বলেন, প্রত্যাশার পারদ আকাশচুম্বী, লড়াইটাও হবে ভীষণ কঠিন। তবে আমরা দারুণ রোমাঞ্চিত এবং আমরা এবার ট্রফি জিততেই এসেছি।

গ্রুপ পর্বের সমীকরণ: ‘গ্রুপ সি’ তে থাকা ব্রাজিল তাদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার পর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে লড়বে হাইতি এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে। এখন দেখার বিষয়, ইনজুরি জর্জরিত নেইমারকে ছাড়াই প্রথম ম্যাচে সাম্বার জাদু দেখাতে পারে কিনা আনচেলত্তির শিষ্যরা।