বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন করতে দেখা গেছে দলের প্রাণভ্রমরা লিওনেল মেসিকে।
গত সোমবার মিসৌরির কানসাস সিটিতে বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা তাদের প্রথম আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করলেও সবার নজর কেড়েছে ইন্টার মায়ামি অধিনায়কের এই একক ‘স্পেশাল’ অনুশীলন।
৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকর ২৪ মে থেকেই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের পেশির ক্লান্তিতে ভুগছেন। তবে আর্জেন্টিনা ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, আগামী ১৬ জুন কানসাস সিটিতেই আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের আগেই মেসি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
বর্তমানে মেসি দলের আরও কয়েকজন চোটাক্রান্ত সতীর্থদের সাথে ট্রেনারদের অধীনে মাঠের এক কোণে বিশেষ কিছু হালকা এক্সারসাইজ করছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, যাঁরা ছোটখাটো চোট বা সমস্যায় ভুগছেন, তাঁরা ফিজিওথেরাপিস্টদের সাথে মাঠে বিশেষ কিছু রিহ্যাব সেশন করছেন এবং তাঁদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।
রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামার অপেক্ষায় থাকা আটবারের ব্যালন ডি’অর এবং দুই বারের এমএলএ এমভিপি বিজয়ী এই মহাতারকা ২০০৫ সালে অভিষেকের পর থেকে দেশের হয়ে সর্বোচ্চ ১৯৮টি ম্যাচ খেলে ১১৬টি গোল করেছেন। বিশ্ব র্যাংকিংয়ের তিন নম্বরে থাকা আর্জেন্টিনা আগামী ৯ জুন আলাবামার অউবার্নে আইসল্যান্ডের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে। এখন দেখার বিষয়, ক্যাপ্টেন মেসির এই চোট কেবলই গা বাঁচিয়ে চলার কৌশল, নাকি আলজেরিয়া বধের আগে ‘এলএমটেন’ ভক্তদের জন্য বড় কোনো দুঃসংবাদ!