ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় মহাযজ্ঞ, ২০২৬ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শেষ! বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে কিক-অফ হবে ফুটবল ইতিহাসের বৃহত্তম আসর।
তবে মাঠের ফুটবল যুদ্ধ শুরু হওয়ার আগে পুরো বিশ্বের নজর এখন মাঠের সবুজ গালিচায় বসতে যাওয়া এক জম্পেশ ও চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। ফুটবল ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী এই উদ্বোধনী মঞ্চ কাঁপাতে আবারও ফিরছেন ফুটবল বিশ্বকাপের সমার্থক হয়ে ওঠা পপ সম্রাজ্ঞী শাকিরা!
উত্তর আমেরিকার তিন পরাশক্তি- যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বেশ কিছু নতুনত্ব এনেছে ফিফা। ফুটবল, সঙ্গীত আর সংস্কৃতির এই অভূতপূর্ব মেলবন্ধন নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই অনুষ্ঠানটি প্রতিটি আয়োজক দেশের নিজস্ব ঐতিহ্য ও বিশ্বকাপের মেলবন্ধনের এক অনন্য প্রতীক হয়ে থাকবে। ম্যাচ শুরুর ঠিক ৯০ মিনিট আগে শুরু হওয়া এই মেগা শো কোটি কোটি দর্শককে টিভির পর্দায় আটকে রাখবে, তা বলাই বাহুল্য।
বিশ্বকাপের মঞ্চে শাকিরার রাজকীয় প্রত্যাবর্তন: ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের পর এবার নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ পারফরম্যান্সের জন্য পুরোপুরি প্রস্তুত ৩৮ বছর বয়সী লাতিন বিউটি শাকিরা। নাইজেরিয়ান আফ্রোবিট সেনসেশন বার্না বয়ের সাথে জুটি বেঁধে তিনি আজ রাতে বিশ্বমঞ্চে ডেবিউ করতে যাচ্ছেন ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল থিম সং 'দাই দাই' (Dai Dai)।
লাতিন ও আফ্রিকান সুরের এই ফিউশনটি কেবল দর্শকদের নাচাতেই তৈরি করা হয়নি, এর পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। ফিফা জানিয়েছে, এই গানের রয়্যালটি থেকে প্রাপ্ত লভ্যাংশ সরাসরি জমা হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং ফুটবলের সুযোগ সম্প্রসারণে অবদান রাখবে।
চাঁদের হাট মেক্সিকো সিটিতে: উদ্বোধনী মঞ্চে শাকিরা ও বার্না বয় মূল স্পটলাইটে থাকলেও, মেক্সিকোর আকাশ-বাতাস কাঁপাতে হাজির হচ্ছেন একঝাঁক বিশ্বসেরা গ্লোবাল ও লাতিন পপ তারকা। ফিফা ঘোষিত অফিশিয়াল লাইনআপে আছেন, মেক্সিকান মিউজিক লেজেন্ড আলেজান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, জে বলভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস, গ্র্যামিজয়ী বিশ্বখ্যাত মেক্সিকান ব্যান্ড ‘মার্না’ এবং দক্ষিণ আফ্রিকান সেনসেশন টাইলা।
ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে মেক্সিকোর জাতীয় সঙ্গীত গেয়ে মাঠের উন্মাদনা দ্বিগুণ করে দেবেন স্বাগতিক কিংবদন্তি আলেজান্দ্রো ফার্নান্দেজ। অন্যদিকে, অতিথি দল দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গেয়ে শোনাবেন গ্র্যামিজয়ী পপ তারকা টাইলা। লাতিন পপ, আফ্রোবিট এবং মেক্সিকান লোকসংস্কৃতির এই জম্পেশ ককটেল আজ রাতের উদ্বোধনী অনুষ্ঠানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। শাকিরার কোমর দোলানো আর বার্না বয়ের সুরের আগুনে পুড়তে এখন সেকেন্ড গুনছে পুরো বিশ্ব!