স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার, জানালেন আনচেলত্তি

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মাঠের ভেতর যখন ব্রাজিলের সেলেসাওরা ‘সার্ফিং’ উৎসবে মেতেছিল, ঠিক তখনই ডাগআউট থেকে ফুটবলপ্রেমীদের জন্য এলো সবচেয়ে বড় ধামাকা। অবশেষে কাটল শঙ্কা, আগামী বুধবার মায়ামির মাঠে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হতে পুরোপুরি প্রস্তুত ব্রাজিলের ১০ নম্বর জার্সির জাদুকর- নেইমার জুনিয়র!

হাইতি বধের পর সংবাদ সম্মেলনে এসে ইতালিয়ান মাস্টারমাইন্ড ও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিজেই এই মেগা আপডেট নিশ্চিত করেছেন। চোটের কী অবস্থা জানতে চাইলে অবলীলায় তিনি বলেন, নেইমার শনিবার ব্যক্তিগতভাবে হালকা অনুশীলন করবে। এরপর সোমবার থেকেই সে পুরো দলের সাথে পুরোদমে অনুশীলনে নামবে এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য একদম তৈরি থাকবে।

Brazil Neymar
ডান পায়ের কাফের গ্রেড-২ ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামা দূর অস্ত, দলের সাথে ফিলাডেলফিয়াতেও যাননি নেইমার। তবে এর পেছনে ছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং আনচেলত্তির কোচিং স্টাফের এক সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান।

ভেতরের খবর হলো, নেইমার যেহেতু হাইতির বিপক্ষে খেলার মতো ফিট ছিলেন না, তাই তাকে শুধু শুধু হোটেলের রুমে বসিয়ে রেখে কিংবা সাইডবেঞ্চে খাটিয়ে সময় নষ্ট করতে চাননি আনচেলত্তি। তার চেয়ে বরং নিউ জার্সির মরিসটাউনের ট্রেনিং সেন্টারে রেখে জিম ও মাঠের বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করাটাই বুদ্ধিমানের কাজ মনে করেছে সিবিএফ’র মেডিকেল টিম।

Neymar 02
নেইমার নিজেও জানতেন তিনি ফিলাডেলফিয়া যাচ্ছেন না, তাই পুরো মনোযোগ ঢেলে দিয়েছিলেন চোট কাটিয়ে ওঠার পেছনে। ইতিমধ্যে সতীর্থদের সাথে বল নিয়ে গা-গরম করা এবং ট্যাকটিক্যাল ড্রিল, সব কিছুতেই অংশ নিতে দেখা গেছে তাকে।

টানা এক মাস চোটের বিরুদ্ধে লড়াই করার পর নেইমারের এই রাজকীয় প্রত্যাবর্তন স্কটিশ শিবিরে যে কাঁপন ধরিয়ে দেবে, তা বলাই বাহুল্য। সিবিএফ’র সাম্প্রতিক মূল্যায়ন বলছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে গা-গরম করে বিশ্বকাপের আসল মঞ্চ অর্থাৎ ‘নকআউট’ বা দ্বিতীয় পর্বের লড়াইয়ের আগেই শতভাগ ফিটনেস ফিরে পাবেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

হাইতিকে চূর্ণ করার পর সেলেসাওদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর আগামী বুধবার মায়ামির মাঠে নেইমার যখন হলুদ জার্সি গায়ে আবার মাঠে নামবেন, তখন স্কটল্যান্ডকে বধ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ৩২-এর টিকিট বুক করতে চাইবে আনচেলত্তির এই অপ্রতিরোধ্য সাম্বা ব্রিগেড!