সমান সমীকরণে টরেন্টোতে মুখোমুখি ক্রোয়েশিয়া-পানামা

ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘এল’ -এর অস্তিত্ব রক্ষার এক মহাসংগ্রামে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও পানামা। দুই দলই তাদের প্রথম ম্যাচে হারের স্বাদ পাওয়ায় ভোরে টুর্নামেন্টে টিকে থাকার মিশন দুই শিবিরের জন্যই অগ্নিপরীক্ষা।

প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে দু-দুবার সমতায় ফিরেও শেষ পর্যন্ত ৪-২ গোলে হারতে হয়েছিল জ্লাতকো দালিচের ক্রোয়েশিয়াকে। অন্যদিকে, ঘানার বিরুদ্ধে ম্যাচের ৯৫ মিনিটে গোল হজম করে ১-০ ব্যবধানের এক ‘নিষ্ঠুর’ পরাজয়ের শিকার হতে হয় পানামাকে। ভোরে দুই দলের সামনেই প্রথম পয়েন্ট পাওয়ার এবং নকআউটের আশা বাঁচিয়ে রাখার মরণপণ লড়াই।

Panama Team 02
টানা দুই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া বিশ্বমঞ্চে সব সময়ই নিজেদের শক্তির চেয়ে বেশি পারফর্ম করার জন্য পরিচিত। ২০১৮ সালে আর্জেন্টিনা এবং ২০২২ সালে ব্রাজিলকে বিদায় করে চমক দেখানো ক্রোয়েশিয়াকে নিয়ে এবার অবশ্য ফুটবল পণ্ডিতদের ধারণা কিছুটা ভিন্ন।

ইংল্যান্ড, ব্রাজিল ও বেলজিয়ামের কাছে সাম্প্রতিক হারগুলো ইঙ্গিত দিচ্ছে যে, মড্রিচ-কোভাচিচদের সোনালী প্রজন্মের হয়তো এবার কিছুটা ছন্দপতন ঘটেছে। তবুও প্রথম ম্যাচে ইংল্যান্ডের রক্ষণভাগ কাঁপিয়ে দালিচের অভিজ্ঞ দল প্রমাণ করেছে, উত্তর আমেরিকার মাটিতে তারা যে কোনো দলের জন্যই বিপজ্জনক। ভোরে পানামার বিরুদ্ধে জয় ছাড়া কোনো বিকল্প নেই দালিচের শিষ্যদের সামনে।

Croatia Team 02
ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মড্রিচ প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি দিয়ে বসেন এবং এক ঘণ্টাও মাঠে টিকতে পারেননি। তবে আজ একাদশে তাঁর জায়গা হারানো নিয়ে কোনো সংশয় নেই। আজ দলের কৌশল বদলে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজাতে পারেন দালিচ, যেখানে মাঝমাঠে মড্রিচের সাথে দেখা যেতে পারে মাতেও কোভাচিচকে।

এছাড়া প্রথম ম্যাচে দারুণ গোল করা মার্টিন বাতুরিনা ম্যাচে ইনসাইড ফরোয়ার্ড হিসেবে আক্রমণভাগে নিজের জায়গা ধরে রাখতে পারেন। তবে মূল স্ট্রাইকার পজিশন নিয়ে দালিচ কিছুটা মধুর সমস্যায় আছেন; প্রথম ম্যাচে গোল করা পিটার মুসাকে আজ শুরু থেকে খেলানো হবে, নাকি অভিজ্ঞ আন্দ্রে ক্রামারিচ বা আন্তে বুদেমির সুযোগ পাবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

Panama Team 01
অন্যদিকে, ফিফা র‍্যাংকিংয়ের ৩৪ নম্বর দল পানামা প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে হারলেও তাদের সুশৃঙ্খল প্রেসিং ও দারুণ পজিশনভিত্তিক ফুটবল দিয়ে সবার নজর কেড়েছে। ঘানার কাছে শেষ মুহূর্তের সেই হারকে পানামা কোচ থমাস খ্রিষ্টেনসেন নিষ্ঠুর বলে আখ্যা দিয়েছিলেন। নিজের দ্বিতীয় বিশ্বকাপে খেলতে আসা পানামা ফুটবল ইতিহাসে এখনো বিশ্বমঞ্চে কোনো পয়েন্টের মুখ দেখেনি। তবে বার্সেলোনার প্রাক্তন স্ট্রাইকার খ্রিষ্টেনসেন ম্যাচে তাঁর উইনিং কম্বিনেশনে বড় কোনো পরিবর্তন আনতে নারাজ।

পানামার মূল শক্তি তাদের রক্ষণভাগের তিন ডিফেন্ডার, যাঁরা প্রথম ম্যাচে ঘানার আক্রমণভাগকে বোতলবন্দি করে রেখেছিলেন। তবে দলে ফিরতে পারেন গত গোল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা ইসমায়েল দিয়াজ। দলের বড় দুশ্চিন্তা তারকা খেলোয়াড় আদালবার্তো কারাসকুইয়াকে নিয়ে, যিনি কুঁচকির চোটের কারণে ঘানা ম্যাচ মিস করেছিলেন।

প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর তিনি আংশিক অনুশীলনে ফিরেছেন, যা ক্রোয়াটদের বিরুদ্ধে ম্যাচে তাঁকে বিকল্প হিসেবে ভাবার সুযোগ করে দিচ্ছে। এছাড়া উইংব্যাক সিজার ব্ল্যাকম্যান ও মিডফিল্ডার কার্লোস হার্ভে ইতিমধ্যেই হলুদ কার্ড দেখায় আজ বেশ সাবধানে খেলতে হবে তাদের।

Croatia Team 01
মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের অতীত ইতিহাস ও শক্তি-সামর্থ্যের খতিয়ান কেমন, দেখে নেওয়া যাক- বিশ্বকাপের ইতিহাসে এটিই এই দুই দলের প্রথম মুখোমুখি লড়াই। পানামা ৮ বছর আগের তুলনায় অনেক উন্নত ফুটবল খেললেও এখনো বিশ্বকাপে জয়ের স্বাদ পায়নি। ৪টি ম্যাচ খেলে তারা গোল করেছে মাত্র ২টি, কিন্তু কোনো পয়েন্ট পায়নি।

ক্রোয়েশিয়া সাধারণত বড় টুর্নামেন্টে কিছুটা ধীরগতিতে শুরু করে। বিগত ৬টি বিশ্বকাপের ৪টিতেই তারা উদ্বোধনী ম্যাচ হেরেছে। তবে, এর আগে মাত্র একবারই (২০০২ সালে ইকুয়েডর ও ব্রাজিলের কাছে) বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরেছিল ক্রোয়াটরা।

কাগজে-কলমে ও অভিজ্ঞতায় ক্রোয়েশিয়া পরিষ্কার ফেভারিট হলেও, লাতিন আমেরিকার পানামা টরন্টোর মাঠে ক্রোয়াটদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত। তবে ফুটবল বিশেষজ্ঞদের প্রেডিকশন বলছে, শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার মগজাস্ত্র ও অভিজ্ঞতাই ম্যাচ বের করে নেবে এবং ক্রোয়েশিয়া ২-১ ব্যবধানে জিততে পারে।