নকআউটের টিকিট কাটতে নামছে মরক্কো, প্রতিপক্ষ হাইতি!

কাতার বিশ্বকাপের সেই সেমিফাইনালিস্ট ‘ডার্ক হর্স’ মরক্কো এবার আমেরিকার আটলান্টায় নামছে তাদের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। সি-গ্রুপের শেষ ম্যাচে ভোর ৪টায় অ্যাটলাস লায়নদের প্রতিপক্ষ ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া পুঁচকে হাইতি।

প্রথম দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে থাকা মরক্কোর জন্য একটিমাত্র ড্র-ই শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করার জন্য যথেষ্ট। অন্যদিকে, প্রথম দুই ম্যাচেই স্কটল্যান্ড ও ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া হাইতির জন্য আজকের ম্যাচটি শুধুই নিজেদের সম্মান বাঁচানোর।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করে চমকে দেওয়ার পর, দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে দেয় বিশ্বের ৬ নম্বর দল মরক্কো। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের মাত্র ৭০ সেকেন্ডে গোল করে বাজিমাত করেছিলেন তরুণ ইসমাইল সাইবারি।

Morocco Team 02
আজ হাইতিকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হিসেবে সরাসরি নকআউটে চলে যাবে মরক্কো। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৩১ ম্যাচে অপরাজিত (২৬ জয়, ৫ ড্র) থাকা মরক্কোর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে, ফিফা র‍্যাংকিংয়ের ৮৭ নম্বরে থাকা হাইতি এখনো বিশ্বকাপে তাদের প্রথম পয়েন্ট কিংবা প্রথম গোলের খোঁজে রয়েছে। হারলে বিশ্বকাপে টানা ৬ ম্যাচ হারার এক লজ্জাজনক রেকর্ড স্পর্শ করবে তারা, যা এর আগে শুধু এল সালভাদরের ছিল।

মরক্কো শিবিরে নতুন কোনো চোটের চিন্তা নেই, তাই টানা তৃতীয় ম্যাচের মতো একই একাদশ মাঠে নামাতে পারেন কোচ। আক্রমণভাগে ব্রাহিম দিয়াজের সাথে থাকছেন ইসমাইল সাইবারি। মাঝমাঠ সামলাবেন আইয়ুব বুয়াদ্দি, নীল এল আইনাউই এবং আজাদ্দিন উনাহি।

তবে আজকের ম্যাচের বড় আকর্ষণ মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি, যিনি আজ দেশের হয়ে নিজের ৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন। অন্যদিকে, হাইতি শিবিরে তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডাকেন্স নাজোন ইনজুরির কারণে আজ বেঞ্চে থাকতে পারেন। রক্ষণাত্মক কৌশল থেকে বেরিয়ে আজ ৪-৪-২ ফর্মেশনে দল সাজাতে পারেন হাইতির ফরাসি কোচ সেবাস্তিয়ান মিগনে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ৬ ম্যাচে অপরাজিত রয়েছে মরক্কো, যা যে কোনো আফ্রিকান দেশের জন্য বিশ্বকাপে টানা অপরাজিত থাকার সেরা রেকর্ড। আফ্রিকান বর্ষসেরা আশরাফ হাকিমি ২০২২ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২৬টি সফল ট্যাকল এবং ৪১টি গ্রাউন্ড ডুয়েল জিতে রেকর্ড গড়েছিলেন।

Haiti Team 01
১৯৭৪ সালের পর দীর্ঘ ৫২ বছর পর এবার প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে হাইতি। আসরের ইতিহাসে এত দীর্ঘ সময় পর মূল মঞ্চে ফেরার তালিকায় এটি চতুর্থ সর্বোচ্চ খরা।

মরক্কোর তরুণ তুর্কি আইয়ুব বুয়াদ্দি গত মে মাস পর্যন্ত ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন, পরে তিনি মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন। অন্যদিকে, আফ্রিকান কাপ অব নেশনসে ৫ গোল করা রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের জন্ম কিন্তু স্পেনে।

ফুটবল পণ্ডিতদের মতে, টুর্নামেন্টের অন্যতম সুসংগঠিত দল মরক্কোর সামনে হাইতির রক্ষণভাগ ভেঙে চুরমার হওয়া শুধু সময়ের ব্যাপার। নকআউট পর্বের টিকিট হাতের নাগালে থাকায় আশরাফ হাকিমিরা শুরু থেকেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখবেন। সব হিসাব-নিকাশ মিলিয়ে ফুটবল বোদ্ধাদের কড়া প্রেডিকশ, মরক্কো ৩-০ ব্যবধানের এক সহজ জয় নিয়ে মাঠ ছাড়বে এবং হাইতিকে বিদায় নিতে হবে শূন্য হাতেই!