নেইমারদের সতর্ক করলেন স্কটিশ লিগের ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিল বনাম স্কটল্যান্ডের হাইভোল্টেজ মহোৎসবের আগে এবার সেলেসাওদের কড়া হুঁশিয়ারি দিলেন স্কটিশ লিগে খেলা ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার এদুয়ার্দো আগেউ। ক্রুজেইরোর যুব একাডেমি ছেড়ে ইউরোপে পাড়ি জমানো এই ফুটবলার গত বছরের আগস্ট থেকে খেলছেন স্কটল্যান্ডের প্রথম বিভাগের ক্লাব ‘হার্টস’-এ।

এডিনবার্গে প্রায় এক বছর কাটানোর সুবাদে স্কটিশ ফুটবলারদের নাড়ি-নক্ষত্র খুব ভালো করেই চেনেন এই তরুণ। আর সেই অভিজ্ঞতা থেকেই তিনি জানালেন, মায়ামির মাঠে ব্রাজিলের জয় মোটেও সহজ হবে না।

খেলাধুলার জনপ্রিয় মাধ্যম ‘জিই’-কে দেয়া এক সাক্ষাৎকারে আগেউ বলেন, ম্যাচের শুরুতেই যদি ব্রাজিল গোল করতে না পারে, তবে সময় গড়ানোর সাথে সাথে তাদের ওপর মানসিক চাপ ও উদ্বেগ বাড়বে, যা খেলা কঠিন করে তুলবে। স্কটিশরা প্রচণ্ড রক্ষণাত্মক ফুটবল খেলে এবং আচমকা পাল্টা আক্রমণে ওঠার ক্ষেত্রে তারা দারুণ চতুর।

তিনি আরও মনে করিয়ে দেন, স্কটল্যান্ড দল মূলত তাদের ৭ নম্বর জার্সিধারী জন ম্যাকগিন এবং ৪ নম্বর জার্সিধারী স্কট ম্যাকটোমিনের ওপর নির্ভরশীল হলেও, মাঠে তারা সবাই একে অপরকে জানপ্রাণ দিয়ে সাহায্য করে। ব্রাজিলের বিপক্ষে তারা আক্ষরিক অর্থেই যুদ্ধ করতে নামবে।

তবে নিজের দেশের শক্তির ওপরও পূর্ণ আস্থা আছে আগেউ’র। তিনি যোগ করেন, ব্রাজিল সব জায়গাতেই ব্রাজিল। প্রতিপক্ষ আমাদের যেভাবে সমীহ করে, সেই সুযোগটাই ভিনিসিয়াস-নেইমারদের কাজে লাগাতে হবে। হাইতির বিপক্ষে যেভাবে আক্রমণাত্মক শুরু হয়েছিল, স্কটল্যান্ডের বিপক্ষেও প্রথম কয়েক মিনিটে গোল আদায় করে নিতে হবে। আমার প্রেডিকশন, ব্রাজিল আজ পুরো ম্যাচ ডমিনেট করে ২-০ ব্যবধানে জিতবে।

মাঠের বাইরেও স্কটিশ সমর্থকরা এখন আমেরিকায় রীতিমতো কাঁপন ধরিয়েছেন। তাদের বিখ্যাত স্লোগান ‘নো স্কটল্যান্ড, নো পার্টি’ আর প্রতিপক্ষকে নিয়ে মজার সব ট্রোল সোশ্যাল মিডিয়ায় এখন সুপার ভাইরাল। রাগবি-প্রেমী হিসেবে পরিচিত এই জাতি এখন ফুটবলের সাম্বা বধের স্বপ্নে বিভোর। এখন দেখার বিষয়, আগেউ-এর এই মূল্যবান পরামর্শ মেনে ব্রাজিল শুরুতেই স্কটল্যান্ডের রক্ষণদুর্গ ভাঙতে পারে কি না!