ব্রাজিল ফুটবলের আসল জাদুকর নেইমার জুনিয়র কি তবে এখন আক্ষরিক অর্থেই এক রহস্যময় ‘ডার্ক নাইট’? মাঠের বাইরে এক মাসেরও বেশি সময় কাটানোর পর ভোরে মায়ামির মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে ফিরছেন তিনি। কিন্তু ফুটবলবিশ্বের মনে এখন বড় প্রশ্ন, কেরিয়ারের গোধূলিলগ্নে এসে নেইমার কি ব্রাজিলের ত্রাতা ‘ব্যাটম্যান’ হয়ে ফিরবেন, নাকি তাঁর নিজের ঘরের দেয়ালে টানানো সেই বিশাল পেইন্টিংয়ের মতো ‘হাফ-ব্যাটম্যান, হাফ-জোকার’ রূপে এক চরম বিশৃঙ্খলা তৈরি করবেন?
নেইমারের জীবনে ব্যাটম্যানের প্রতি ভালোবাসা কোনো গোপন বিষয় নয়। রিও ডি জেনেরিওতে নিজের বিলাসবহুল কন্ডোমিনিয়ামে প্রায় ১৫ লাখ ইউএস ডলার খরচ করে আস্ত এক ‘ব্যাটমোবিল’ (ব্যাটম্যানের গাড়ি) কিনে রেখেছেন তিনি, যা দেখে শিশুর মতো কেঁদে ফেলেছিলেন এই মহাতারকা।
নিজের নেটফ্লিক্স ডকুমেন্টারিতে নেইমার নিজেই আক্ষেপ করে বলেছিলেন, আমার পরিবার আর বন্ধুদের কাছে আমি তাদের ব্যাটম্যান। আর যারা আমাকে চেনে না, তাদের কাছে আমি প্রথম দেখাতেই জোকার! ২০১৮ বিশ্বকাপের সেই ট্রোল আর বিশ্বব্যাপী নিন্দার ট্রমা কাটিয়ে ব্যাটম্যানের মতোই ট্র্যাজেডিকে শক্তিতে রূপ দিতে চান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গ্যারিঞ্চা বা বেবেতোর মতো কিংবদন্তিদের পর মাত্র অষ্টম ব্রাজিলিয়ান হিসেবে চার-চারটি বিশ্বকাপ খেলার বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে নেইমার। যদিও চোট আর অতিমাত্রায় মিডিয়া ট্রোলিংয়ের কারণে কার্লো আনচেলত্তির এই বিশ্বকাপে নেইমারকে দলে নেওয়া নিয়ে সিবিএফ ও চিকিৎসকদের মধ্যে চরম কোন্দল তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে গথাম সিটির অনুপ্রেরণায় গড়া নিউ ইয়র্কের এই বিশ্বকাপ মঞ্চেই নিজের রূপকথা লেখার শেষ সুযোগ পাচ্ছেন নেইমার।
গত ফেব্রুয়ারি মাসে কার্নিভালের সব চোখধাঁধানো আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ঘরে বসে সন্তানদের সাথে সময় কাটিয়েছেন, নিজের চোট থেকে ফেরার জন্য ত্যাগ স্বীকার করেছেন। আজ স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও, ম্যাচের মোক্ষম সময়ে বদলি হিসেবে মাঠে নেমে নেইমার নিজের গল্পটা নতুন করে লিখতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। সুপারপাওয়ার ছাড়া ব্যাটম্যান যেভাবে খলনায়কদের ধুলো চাটায়, নেইমারও কি আজ মায়ামির মাঠে সেই রূপকথার জন্ম দিতে পারবেন?