বিশ্বকাপের ফাইনালের মঞ্চে থাকছেন ডোনাল্ড ট্রাম্প!

খেলাধুলার মেগা-স্পটলাইটে থাকতে ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর, তাঁর এই ভালোবাসাকে পূর্ণতা দিতে ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে উপস্থিত থাকছেন তিনি। বিশ্বজয়ী দলের হাতে ট্রফিটি তুলে দেবেন খোদ ট্রাম্প, যা নিশ্চিত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রাম ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে এসে ইনফান্তিনো বলেন, আমরা একসাথে ফাইনাল ম্যাচ উপভোগ করব এবং অবশ্যই যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব।

ফিফা প্রধানের সাথে ডোনাল্ড ট্রাম্পের এই সুমধুর ও 'চমকপ্রদ' বন্ধুত্ব অবশ্য নতুন কিছু নয়। গত ডিসেম্বরে ট্রাম্পকে নিজের আবিষ্কৃত ‘ফিফা পিস প্রাইজ’-এর উদ্বোধনী সংস্করণে ভূষিত করেছিলেন ইনফান্তিনো। তবে ফাইনালের মঞ্চে ট্রাম্পের ট্রফি দেয়া নিয়ে ইতিমধ্যেই আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। গত বছর ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির হাতে ট্রফি তুলে দেয়ার সময় গ্যালারি থেকে ট্রাম্পকে লক্ষ্য করে যেমন হাততালি পড়েছিল, তেমনি উড়ে এসেছিল দুয়োধ্বনিও। এমনকি ট্রফি উদযাপনে চেলসি খেলোয়াড়দের মাঝখানে ট্রাম্প যেভাবে পোজ দিয়ে দাঁড়িয়েছিলেন, তা দেখে অনেক ফুটবলারই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।

আমেরিকা, কানাডা ও মেক্সিকো জুড়ে বর্তমানে বিশ্বকাপের জমজমাট আসর চলছে। যেখানে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের ভাগে পড়েছে ফাইনালসহ মোট ৮টি ম্যাচ। নিজের সাবেক হোমটাউনে ট্রাম্পের এই ট্রফি দেওয়ার ঘোষণা ফাইনালের রোমাঞ্চে যে নতুন রাজনৈতিক মশলা যোগ করল, তা বলাই বাহুল্য!