পেলে ও বাতিস্তুতার পাশে দেম্বেলে!

শুক্রবার রাতে নরওয়ের রক্ষণভাগকে ছেলেখেলা বানিয়ে ৪-১ ব্যবধানের এক রাজকীয় জয় পেয়েছে ফ্রান্স। আর আই- গ্রুপের শেষ রাউন্ডের এই ম্যাচে ফরাসি ফুটবলের সব আলো কেড়ে নিয়েছেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। প্রথমার্ধেই টর্নেডো গতির এক হ্যাটট্রিক করে বসেন তিনি।

আর এই অবিশ্বাস্য কীর্তির মাধ্যমে ১৯৯৮ সালের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক হাফে ৩ গোল দেয়ার ২৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন দেম্বেলে। একই সাথে ইতিহাসের মাত্র ১২তম ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক হাফে হ্যাটট্রিকের এলিট ক্লাবে পেলের পাশে নিজের নাম লেখালেন এই ফরাসি উইঙ্গার।

Ousmane Dembélé 02
ফুটবল সম্রাট পেলে ১৯৫৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধেই দ্বিতীয়ার্ধে (৫২, ৬৪ ও ৭৫ মিনিটে) এই কীর্তি গড়েছিলেন, যিনি এই তালিকার একমাত্র ব্রাজিলিয়ান। পেলের পর জার্মানির গার্ড মুলার (১৯৭০) এবং আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১৯৯৮)-এর মতো কিংবদন্তিরা এই ম্যাজিক দেখিয়েছেন।

বিশ্বকাপ ইতিহাসে ১৯৩৮ এবং ৮৬ সালের আসর দুটিতে সর্বোচ্চ দুজন করে ফুটবলার এক হাফে হ্যাটট্রিক করেছিলেন। ১৯৮৬ সালে স্পেনের এমিলিও বুত্রাগুয়েনো ও ইংল্যান্ডের গ্যারি লিনেকার এবং ১৯৩৮ সালে সুইডেনের গুস্তাভ ওয়েটারস্ট্রোম ও পোল্যান্ডের আর্নেস্ট উইলিমোস্কি এই কীর্তি গড়েন।

দীর্ঘ ২৮ বছর পর বাতিস্তুতার সেই ক্ল্যাসিক হ্যাটট্রিকের স্মৃতি ফিরিয়ে এনে ২০২৬ বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখলেন উসমান দেম্বেলে!