‘ব্রাজিলের নাম এখন আর শোনা যায় না’

হিউস্টনের মাঠে হাইভোল্টেজ নকআউট ম্যাচের আগেই শুরু হয়ে গেছে মাঠের বাইরের তুমুল উত্তেজনা ও বাকযুদ্ধ! পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সরাসরি অসম্মান ও খোঁচা দিয়ে বসেছেন জাপানের তরুণ স্ট্রাইকার কেন্টো শিওগাই। ফুটবল ইতিহাসের অন্যতম সফল দলটিকে রীতিমতো বাতিলের খাতায় ফেলে দিয়ে তিনি দাবি করেছেন, ফুটবল বিশ্বে এখন আর ব্রাজিলের নাম আগের মতো শোনাই যায় না! জাপানি স্ট্রাইকারের এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের পর আর চুপ থাকেননি ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক মার্কিনহোস। প্রতিপক্ষকে মাঠের বাইরে কড়া ও ঝাঁঝালো জবাব দিয়েছেন পিএসজির এই তারকা।

Kento Shiogai 02
কাইডো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে শিওগাই ব্রাজিলের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে বলেন, ব্রাজিল একসময় ফুটবলের পরাশক্তি ছিল, এটা সত্যি। কিন্তু এখনকার ফুটবলে আমি আর্জেন্টিনা ও ফ্রান্সকে অনেক বেশি শক্তিশালী মনে করি। ব্রাজিলের নাম এখন আর আগের মতো অতটা শোনা যায় না। বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ের ঠিক আগমুহূর্তে জাপানি শিবিরের এই মন্তব্য ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

জাপানি স্ট্রাইকারের এই খোঁচার বিপরীতে ব্রাজিল অধিনায়ক মার্কিনহোস অবশ্য কোনো সস্তা কাদা ছোড়াছুড়িতে যাননি। তবে অত্যন্ত মার্জিত ভাষায় তিনি যে পাল্টা জবাব দিয়েছেন, তাতে লুকিয়ে ছিল এক তীব্র বারুদ। মার্কিনহোস বলেন, আমাদের দলকে অনুপ্রাণিত করার জন্য ওরা যত বেশি কথা বলবে, ততই ভালো। আমরা প্রায় এক মাস ধরে এখানে আছি। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এ ধরনের কথাবার্তা আমরা প্রতিপক্ষের জন্যই ছেড়ে দিচ্ছি, আমাদের অনুপ্রাণিত করতে ওরা যত ইচ্ছা কথা বলতে থাকুক।

Marquinhos 02
শিওগাইয়ের মন্তব্যকে ‘অহংকার’ আখ্যা দিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার আরও যোগ করেন, এটা হয়তো তাদের কিছুটা অহংকার। তবে ব্রাজিল এখনো একটি দুর্দান্ত দল। ম্যাচে আমাদের শুধুই নিজেদের আসল শক্তি মাঠে ফুটিয়ে তুলতে হবে। এ ধরনের কথাবার্তা ওদের ওখানেই থাক, এসব কথাবার্তা ম্যাচে এটা আমাদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে যেন আমরা প্রতিটি বলের জন্য লড়াই করতে পারি এবং নিজেদের যোগ্যতায় ম্যাচটি জিতে নিতে পারি।

এদিকে, ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তিকে যখন সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন এই চতুর ইতালিয়ান কোচ শুধু মুচকি হেসে বিষয়টি এড়িয়ে যান। তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রতিপক্ষের এই সস্তা ‘মাইন্ড গেমে’ জড়িয়ে তিনি নিজের দলের মনোযোগ নষ্ট করতে চান না।

Marquinhos 01
এবারের বিশ্বকাপে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে ব্রাজিলের শুরুটা কিছুটা মন্থর হলেও, পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে এসেছে সেলেসাওরা। অন্যদিকে জাপান দল নেদারল্যান্ডস ও সুইডেনের সাথে ড্র করে এবং তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই বাঁচা-মরার লড়াইয়ে জাপানিদের এই অহংকার মাঠের পারফরম্যান্সে গুঁড়িয়ে দিতে ভিনিসিয়ুস-মার্কিনহোসরা কতটা মরিয়া হয়ে নামেন, তা দেখার জন্য মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব!