মেসিদের একাদশ সাজাতে মধুর সমস্যায় স্কোলানি!

বিশ্বকাপের নকআউটের প্রথম পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মায়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে আলবিসেলেস্তে শিবিরের শুরুর একাদশ নিয়ে এখনো রয়ে গেছে কিছু বড় প্রশ্ন। বিশেষ করে আক্রমণভাগে লাউতারো মার্তিনেস নাকি হুলিয়ান আলভারেস, কে শুরু করবেন, তা নিয়ে চলছে মধুর সমস্যা।

কানসাসের ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে মঙ্গলবারের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি তার ছক কষলেও, তিনটি পজিশন নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে স্বস্তির খবর হলো, রক্ষণভাগের মূল দুই স্তম্ভ সম্পূর্ণ ফিট থাকলে স্কালোনি তার পছন্দের সেন্ট্রাল ব্যাক জুটি বেছে নিতে দ্বিধা করবেন না।

Argentina Team 03
রক্ষণভাগের অন্যতম মূল ভরসা ক্রিস্টিয়ান 'কুটি' রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেসকে দিয়েই আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। তবে টটেনহ্যামের হয়ে খেলার সময় এপ্রিলে চোটে পড়ায় রোমেরোকে নিয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয়েছে কোচিং স্টাফদের।

প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তাকে পুরো সময় খেলানো হয়নি এবং শেষ দিকে তার জায়গায় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে নামানো হয়। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে রোমেরো আবার অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়তে বাধ্য হন। জর্ডানের বিপক্ষে ম্যাচে তো তিনি বুট জোড়াও পায়ে গলাননি।

তবে সুখের খবর হলো, কর্ডোবার এই ডিফেন্ডার এখন পুরোপুরি সুস্থ বোধ করছেন এবং সতীর্থদের সাথে পুরোদমে অনুশীলন করেছেন। কোনো নতুন ব্যথা অনুভব না করলে কেপ ভার্দের বিপক্ষে ওতামেন্দির জায়গায় তার ফেরার সম্ভাবনাই প্রবল।

Argentina Team 02
মঙ্গলবারের অনুশীলনে কোচ স্কালোনি ফুটবলারদের মাঝে ১৩টি ট্রেনিং ভেস্ট (বিব) বন্টন করেন, যা স্পষ্ট করে দেয় যে দলের তিনটি পজিশন নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই পজিশনগুলো হলো, ওতামেন্দি বনাম রোমেরো, আলভারেস বনাম লাউতারো এবং তাগলিয়াফিকো বনাম মেদিনা।

এর মধ্যে রক্ষণভাগের বাঁ-দিক অর্থাৎ লেফট-ব্যাক পজিশনটি নিয়ে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় এই পজিশনে একমাত্র চেনা মুখ ছিলেন নিকোলাস তাগলিয়াফিকো। কিন্তু হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে তাগলিয়াফিকো পেশির চোটে পড়ায় প্রথম দুই ম্যাচে সুযোগ পান মূলত সেন্ট্রাল ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। সেখানে মেদিনা এতটাই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন যে, এখন তাগলিয়াফিকো সুস্থ হয়ে ফেরার পরও পজিশনটি নিয়ে তুমুল প্রতিযোগিতা তৈরি হয়েছে।

তাগলিয়াফিকো জর্ডানের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে খেলে নিজের ফিটনেস ও অভিজ্ঞতার প্রমাণ দিলেও, স্কালোনি শেষ পর্যন্ত মেদিনার তরুণ শক্তির ওপর ভরসা রাখবেন নাকি তাগলিয়াফিকোর অভিজ্ঞতায় আস্থা রাখবেন, সেটিই এখন দেখার বিষয়। তবে ধারণা করা হচ্ছে, নিজের তৃতীয় বিশ্বকাপ খেলা তাগলিয়াফিকোই হয়তো শেষ পর্যন্ত কোচের প্রথম পছন্দ হতে যাচ্ছেন।

Argentina Team 03
আক্রমণভাগের লড়াইটাও কম রোমাঞ্চকর নয়। লাউতারো মার্তিনেস এবং হুলিয়ান আলভারেস, দুজনকেই অনুশীলনে পরখ করে দেখেছেন স্কালোনি। জাদুকর লিওনেল মেসির সাথে স্ট্রাইকার পজিশনে এই দুজনের কে শুরু থেকে মাঠে নামবেন, তা এখনো চূড়ান্ত নয়।

মঙ্গলবারের অনুশীলনের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার যে সম্ভাব্য শুরুর একাদশটি সামনে আসছে তা হলো, গোলবারে এমিলিয়ানো 'দিবু' মার্তিনেস; রক্ষণভাগে নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো (অথবা নিকোলাস ওতামেন্দি), লিসান্দ্রো মার্তিনেস ও নিকোলাস তাগলিয়াফিকো (অথবা ফাকুন্দো মেদিনা); মাঝমাঠে রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের ও এনসো ফের্নান্দেস এবং আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসি, থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্তিনেস (অথবা হুলিয়ান আলভারেস)। শেষ ষোলোর এই বাঁচা-মরার লড়াইয়ে স্কালোনি তার এই সম্ভাব্য চাল দিয়েই কেপ ভার্দেকে বধ করার চূড়ান্ত ছক সাজাচ্ছেন।

তথ্যসূত্র: ওলে