ওনাহির জোড়া গোলে কানাডাকে কাঁদিয়ে শেষ আটে মরক্কো

উত্তর আমেরিকার বিশ্বকাপ থেকে প্রথম আয়োজক দেশ হিসেবে বিদায় নিল কানাডা। হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে মরক্কোর নিখুঁত এবং ক্লিনিক্যাল ফুটবলের সামনে ৩-০ গোলে চূর্ণ-বিচুর্ণ হয়ে টুর্নামেন্টকে বিদায় জানিয়েছে জেসি মার্শের দল।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এই দাপুটে জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে হট-ফেভারিট ফ্রান্স অথবা প্যারাগুয়ে।

ছবি: সংগৃহীত
হিউস্টনের শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে ৬৮,৭৭৭ জন দর্শকের বেশিরভাগই ছিল মরক্কোর সমর্থক। তবে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচটিতে লড়তে নামা কানাডাই প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। কিক-অফের ১০ মিনিটের মাথায় তানি ওলুয়াসেয়ির এক দুর্দান্ত শট মরক্কোর  গোলরক্ষক ইয়াসিন বুনো পা বাড়িয়ে কোনোমতে রক্ষা করেন।

ছবি: সংগৃহীত
প্রথমার্ধে গোলমুখে শটের চেয়ে ফাউল আর হলুদ কার্ডের ছড়াছড়িই বেশি ছিল। এমনকি প্রথমার্ধের শেষের দিকে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি এবং কানাডার ডিফেন্ডার রিচি লারিয়ার মধ্যে ধাক্কাধাক্কিও লেগে যায়, যার ফলে রেফারি মাইকেল অলিভার দুজনকেই হলুদ কার্ড দেখান।

সব মিলিয়ে প্রথমার্ধেই রেফারিকে পকেট থেকে ৬টি হলুদ কার্ড বের করতে হয়, যার ৪টিই ছিল মরক্কোর খেলোয়াড়দের নামের পাশে।

ছবি: সংগৃহীত
খেলার ২০ মিনিটে আরও এক বড় ধাক্কা খায় মরক্কো শিবির। এই টুর্নামেন্টে ইতিমধ্যে ৩টি গোল করা বায়ার্ন মিউনিখমুখী তারকা ইসমাইল সাইবারি চোট পেয়ে মাঠ ছাড়লে বিকল্প হিসেবে নামানো হয় সুফিয়ান রাহিমিকে।

প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া থাকলেও বিরতির পর খোলনলচে বদলে মাঠে নামে মরক্কো। ৫০ মিনিটের মাথায় শুরু হয় আসল খেলা। হাকিমির এক নিখুঁত লো ফ্রি-কিক থেকে বক্সের বাইরে আনমার্কড থাকা মিডফিল্ডার আজদিন ওনাহি প্রথম স্পর্শেই বুলেট গতির শটে বল জালে জড়ান।

কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো ডিফেন্ডারদের আড়ালে বলটি দেখতেই পাননি, এমনকি বলটি বদলি খেলোয়াড় রাহিমির পায়ের ফাঁক গলে জালে প্রবেশ করে।

ছবি: সংগৃহীত
এক গোল খেয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কানাডা। তবে তাদের সব প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে ৮২ মিনিটে কাউন্টার আ্যটাক বা প্রতি আক্রমণ থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে কানাডার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই ওনাহি।

ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে নক-আউট পর্বে আসা কানাডার জন্য ম্যাচটি ছিল ভীষণ নিষ্ঠুর। ম্যাচের একদম শেষ মুহূর্তে, অর্থাৎ ৯৮ মিনিটে কানাডার কাটা ঘায়ে নুনের ছিটা দেন প্রথমার্ধে সাইবারির বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমি। ম্যাচের শেষ কিকে দলের হয়ে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকী উদযাপনের আবহে হিউস্টনের শেষ এই ম্যাচটি যেমন জমজমাট হওয়ার কথা ছিল, মরক্কো দ্বিতীয়ার্ধে ঠিক সেই বিনোদনই উপহার দিল। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বের পর এবার নক-আউটেও কানাডাকে বিদায় করে আফ্রিকান লায়নরা প্রমাণ করল কেন তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

তথ্যসূত্র: এএফপি ও রয়টার্স