নরওয়ে কোচের কৌতুক শুনে হাসলেন আনচেলত্তি

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে রাত ২টায় নিউ জার্সির মাঠে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও লড়াকু নরওয়ে। আর এই মহালড়াইয়ের আগে দুই দলের ডাগআউটের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা ‘মাইন্ড গেম’ বেশ জমে উঠেছে।

শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে বিদায় করার পর নরওয়ের কোচ স্টেল সোলাবাকেন সরাসরি ব্রাজিল বসকে উদ্দেশ্য করে কৌতুকভরে হুঙ্কার দিয়ে বলেছিলেন, আনচেলত্তি, একটু অপেক্ষা করো। আমরা কিন্তু আসছি! ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নরওয়ে কোচের এই সস্তা উসকানিকে শুধু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। হেসেই পুরো বিষয়টিকে হালকা করে দিয়ে সেলেসাও কোচ জানিয়েছেন, তিনি সোলাবাকেনের এই রসিকতা বেশ উপভোগই করেছেন।

Brazil Carlo Ancelotti 01
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাজিল কোচ বলেন, আমি খুব ভালো করেই বুঝেছি ওটা একটা শুধুই কৌতুক ছিল। আমরা দুজন খুব ভালো বন্ধু এবং আমাদের এর আগে অনেকবার দেখাও হয়েছে। তবে, রসিকতা একপাশে রেখে মাঠের ফুটবলে নরওয়ে যে কতটা খতরনাক, তা মনে করিয়ে দিতে ভুলেননি আনচেলত্তি।

তিনি যোগ করেন, “মঠে আমাদের ১০০ ভাগ উজাড় করে দিতে হবে। আমি একমত যে নরওয়ে খুবই কঠিন প্রতিপক্ষ; কারণ ওদের চমৎকার দলীয় কাঠামো, কোয়ালিটি এবং দারুণ ট্যাকটিক্যাল অর্গানাইজেশন আছে। তবে আমরা আমাদের সেরা খেলাটা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। গ্রুপ পর্বে জাপানের বিরুদ্ধে এক কঠিন ম্যাচ জিতে আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ম্যাচে যে কোনো পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ছেলেদের আছে।

অনুশীলন সেশনে বেশ ফুরফুরে মেজাজে থাকা আনচেলত্তি নরওয়ের আক্রমণভাগের শক্তির কথা বলতে গিয়ে ওডেগার্ড এবং আর্লিং হালান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি ব্রাজিলের রক্ষণভাগকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, ওদের আক্রমণভাগ বিশ্বমানের এবং মাঝমাঠের ব্যালেন্স এতটাই নিখুঁত যে ওদের বিপক্ষে চট করে কাউন্টার-অ্যাটাক বা কুইক ট্রানজিশনে যাওয়া খুবই মুশকিল।

ম্যাচের আগে মাঝমাঠের তারকা ব্রুনো গিমারায়েসও নরওয়েজিয়ান গোল মেশিন হালান্ডকে এক হাত নিয়েছেন। ব্রাজিলকে এই ম্যাচের ফেভারিট বলায় হালান্ড যে সমালোচনা করেছিলেন, তার জবাবে ব্রুনো মুচকি হেসে বলেন, ও (হালান্ড) আসলে খুবই চতুর ও ধূর্ত!

Coach Carlo Ancelotti 04
অন্যদিকে, চোট কাটিয়ে উইঙ্গার রাফিনিয়া দলে ফিরলেও তিনি এখনও ১০০ ভাগ ফিট নন, তাই আজ তাঁকে শুরু থেকে না খেলিয়ে বেঞ্চে রাখার ইঙ্গিত দিয়েছেন কোচ। আর হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে যাওয়া লুকাস পাকেতার জায়গায় আজ মাঝমাঠ সামলাবেন দানিলো সান্তোস।

সংবাদ সম্মেলনে আধুনিক ফুটবলের কঠিন বাস্তবতার উদাহরণ দিতে গিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন আনচেলত্তি। কেপ ভার্দেকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিশ্বকাপ শুরু হওয়ার আগে কে ভেবেছিল পুঁচকে কেপ ভার্দের বিরুদ্ধে আর্জেন্টিনাকে এভাবে ধুঁকতে হবে? ওরা ধুঁকেছে কারণ আধুনিক ফুটবল বদলে গেছে। এখন প্রতিটি দলই নিখুঁতভাবে প্রস্তুতি নিয়ে মাঠে আসে। এখানে আর্জেন্টিনার কোনো দোষ নেই, বরং কেপ ভার্দের কোচ ও খেলোয়াড়দের কুর্নিশ জানানো উচিত এমন সুন্দর ফুটবল উপহার দেয়ার জন্য। আমরা জাপানের বিপক্ষে প্রথমে গোল খেয়েও যেভাবে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করেছি, আজ নরওয়ের বিপক্ষেও সেই মানসিকতা ধরে রাখতে হবে। আজ নিউ জার্সির মাঠে সোলাবাকেনের সেই ‘কৌতুক’ সত্যি প্রমাণিত হবে নাকি আনচেলত্তির চতুর হাসির আড়ালে নরওয়েজিয়ানদের বধ করবে সেলেসাওরা, তা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব!