ম্যাচের তিন ঘণ্টা আগে একাদশ দেবেন আনচেলত্তি

বিশ্বকাপের ষোলোর মহালড়াইয়ে রাত ২টায় নরওয়ের মুখোমুখি হওয়ার আগে নিজেদের একাদশ নিয়ে রীতিমতো লুকোচুরি খেলছেন ব্রাজিলের ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। চোটের কারণে ছিটকে যাওয়া মাঝমাঠের প্রাণভোমরা লুকাস পাকেতার জায়গায় কে খেলবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল জোর গুঞ্জন।

অবশেষে শনিবারের শেষ মুহূর্তের অনুশীলনে বোটাফোগোর মিডফিল্ডার দানিলো সান্তোসকে পেছনে ফেলে শুরুর একাদশে জায়গা করে নেওয়ার দৌড়ে নাটকীয়ভাবে এগিয়ে গেছেন আর্সেনালের তারকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেলি। রাতে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে সেলেসাওরা।

Brazil Team 02
গত সোমবার জাপানের বিপক্ষে বদলি হিসেবে নেমে ব্রাজিলকে জয়সূচক গোল উপহার দিয়েছিলেন মার্তিনেলি। আর সেই পুরস্কার হিসেবেই আজ নরওয়ের বিপক্ষে আনচেলত্তির প্রথম পছন্দ হিসেবে অনুশীলনে ঝড় তুলেছেন তিনি। বৃহস্পতিবারের অনুশীলনে মিডফিল্ডার দানিলো সান্তোসকে পরখ করা হলেও, শুক্র ও শনিবারের মূল সেশনে মার্তিনেলিকেই শুরুর একাদশে রেখে ট্যাকটিক্স সাজিয়েছেন কোচ। তবে, আনচেলত্তি তাঁর চিরচেনা রহস্য ধরে রেখে জানিয়েছেন, ম্যাচের ঠিক তিন ঘণ্টা আগে টিম মিটিংয়ে ফুটবলারদের জানানো হবে কারা থাকছেন মূল একাদশে।

Brazil Team 01
পাকেতার বাঁ-পায়ের ঊরুর চোট এতটাই গুরুতর যে, এই বিশ্বকাপে তাঁর আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। আর তাঁর এই অভাব পূরণে মার্তিনেলিকে অভিনব ভূমিকায় খেলাতে যাচ্ছেন আনচেলত্তি। জন্মগতভাবে উইঙ্গার বা স্ট্রাইকার হলেও, নরওয়ের বিপক্ষে মার্তিনেলিকে কিছুটা নিচে নেমে খেলতে দেখা যাবে। যখন ব্রাজিলের পায়ে বল থাকবে, তখন তিনি মাঠের বাঁ-দিক থেকে ভেতরে ঢুকে সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকা পালন করবেন। পাকেতার চোট ছাড়া জাপানকে হারানো একাদশের বাকি সবাই আজ অপরিবর্তিত থাকছেন।

Brazil Team 06
এদিকে, বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার চোট নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তি ও উদ্বেগ, দুটিই রয়েছে। হাইতির বিপক্ষে ম্যাচে ডান পায়ের ঊরুর চোট কাটিয়ে রাফিনিয়া শনিবার পুরো দলের সাথে ওয়ার্ম-আপে অংশ নিয়েছেন। তবে দলের ট্র্যানজিশনাল বা চোট কাটিয়ে ফেরার প্রক্রিয়ায় থাকায় সেশনের অধিকাংশ সময় তিনি একা একাই হালকা অনুশীলন করেন এবং শেষভাগে দলের মূল অনুশীলনে যোগ দেন।

নরওয়ের বিপক্ষে তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। তবে, ব্রাজিলের মেডিকেল টিম আশাবাদী, নরওয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে আগামী ১১ জুলাই মিয়ামির মাঠে অনুষ্ঠিতব্য ম্যাচে পুরোপুরি ফিট রাফিনিয়াকে পাওয়া যাবে।

Brazil Carlo Ancelotti 01
রাতের এই ব্লকবাস্টার ম্যাচে যে দল জিতবে, তারা আগামী ১১ জুলাই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের। এখন দেখার বিষয়, পাকেতাহীন মাঝমাঠে মার্টিনেলিকে নিয়ে আনচেলত্তির এই অভিনব জুয়া নরওয়েজিয়ানদের বিরুদ্ধে কতটা সফল হয়!