যুক্তরাষ্ট্রের কাটা ঘায়ে নুনের ছিটে দিলো ইরান!

বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, অথচ মাঠের সেই ফুটবলীয় হার রূপ নিল এক চরম নোংরা ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে। আমেরিকার এই লজ্জাজনক হারের পরপরই সুযোগের অপেক্ষায় থাকা তাদের চিররাজনৈতিক শত্রু ইরান এক মারাত্মক ও উস্কানিমূলক বাণ ছুড়ে দিল। মার্কিনদের এই ভরাডুবির কয়েক ঘণ্টার মাথায় ইরান ফুটবল ফেডারেশন সামাজিক মাধ্যমে এক চরম তাচ্ছিল্যভরা বার্তা পোস্ট করে, যা মুহূর্তে পুরো ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে।

ইরান জাতীয় দলের প্রেস অফিসের পক্ষ থেকে অফিশিয়াল হ্যান্ডেলে লেখা হয়, জাতীয় দলের প্রেস অফিস থেকে একটি সংক্ষিপ্ত বার্তা: ফুটবলের কাছে রাজনীতির এই অপমানজনক ও মর্যাদাহানিকর পরাজয়কে পুরো বিশ্ব এখন নেচে-গেয়ে উদযাপন করছে! শুধু এই তীব্র বাক্যবাণই নয়, নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইরান মার্কিন দলকে রীতিমতো ট্রোল করে একটি ছবিও পোস্ট করেছে।

Iran on US
সেই ছবিতে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে বেলজিয়ামের বিরুদ্ধে ইরানের নিজেদের ম্যাচের ফলাফল (০-০ ড্র) প্রদর্শন করা হয়। পরোক্ষভাবে ইরান যেন মার্কিনিদের বুঝিয়ে দিল, যে বেলজিয়ামের বিরুদ্ধে তারা বুক চিতিয়ে ড্র করে মাঠ ছেড়েছিল, সেই দলের সামনে তাসের ঘরের মতো উড়ে গেছে স্বাগতিক আমেরিকা!

ঐতিহাসিকভাবে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের তীব্র কূটনৈতিক বৈরিতার কারণেই যে এই খোঁচা, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই টুর্নামেন্টে মার্কিন মাটিতে পা রেখে ইরান দলকে যে চরম লজিস্টিক হেনস্থার শিকার হতে হয়েছে, তার ক্ষোভও উগড়ে দিয়েছে তারা।

মার্কিন প্রশাসনের কঠোর বিধিনিষেধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই প্রতিবার ইরানি দলকে তড়িঘড়ি করে বর্ডার পার হয়ে মেক্সিকোর টিজুয়ানায় তাদের মূল বেসে ফিরে যেতে বাধ্য করা হচ্ছিল। তারা মার্কিন ভূখণ্ডে বেশি সময় অবস্থান করার অনুমতিটুকুও পায়নি!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পর ইরানের তারকা স্ট্রাইকার ও অধিনায়ক মেহেদি তারেমি এই পুরো পরিস্থিতিকে একটি বিপর্যয় বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, প্রতি ম্যাচের পর এভাবে এক দেশ থেকে অন্য দেশে বাধ্যতামূলক দীর্ঘ ভ্রমণ ও যাতায়াত তাদের ফুটবলারদের শারীরিক রিকভারি এবং পরবর্তী ম্যাচের প্রস্তুতির দফারফা করে দিচ্ছে। মাঠের বাইরে ট্রাম্প প্রশাসনের দেয়া সেই চরম অপমানের মোক্ষম জবাবটাই যেন আমেরিকার বিদায়ের রাতে মধুর প্রতিশোধ হিসেবে ফিরিয়ে দিল তেহরান!

তথ্যসূত্র: ও গ্লোবো