ভ্যাঙ্কুভারে দুর্ভেদ্য কলম্বিয়ার সামনে জেদি সুইজারল্যান্ড

কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়াম রাত ২টায় রূপ নিতে যাচ্ছে এক রণক্ষেত্রে। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মঙ্গলবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম ধারাবাহিক দল সুইজারল্যান্ড এবং ল্যাটিন আমেরিকার অপরাজেয় শক্তি কলম্বিয়া।

টুর্নামেন্ট যত এগোচ্ছে, এই দুই দলের ধার যেন ততই বাড়ছে। একদিকে শুরু ধাক্কা সামলে চেনা ছন্দে ফিরেছে সুইসরা, অন্যদিকে টানা ৬ ম্যাচ অপরাজিত থেকে হুঙ্কার ছাড়ছে কলম্বিয়া। আর্জেন্টিনা বা মিশরের মুখোমুখি হওয়ার এই লড়াইয়ে আজ ফুটবলপ্রেমীরা পেতে যাচ্ছে এক রুদ্ধশ্বাস ম্যাচ।

Switzerland Team 02
টুর্নামেন্টের শুরুটা অবশ্য সুইজারল্যান্ডের মোটেও ভালো ছিল না। প্রথম ম্যাচেই কাতারের সাথে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল মুরাত ইয়াকিনের দল। তবে এরপরই যেন তাদের সুইস ঘড়ির কাঁটা একদম পারফেক্ট ঘুরতে শুরু করেছে! পরের তিনটি ম্যাচেই টানা জয় তুলে নিয়েছে তারা।

বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলে ওড়ানোর পর সহ-স্বাগতিক কানাডাকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষস্থান দখল করে জাকা-এমবোলোরা। গত ৩ ম্যাচে ৯টি গোল করা সুইস আক্রমণভাগ যে কোনো ডিফেন্সের জন্যই এখন এক বড় আতঙ্ক।

তবে সুইসদের সামনে আজ দাঁড়িয়ে আছে নেস্টর লরেঞ্জোর অধীনে দুর্দান্ত খেলতে থাকা কলম্বিয়া। গ্রুপ ‘কে’-র চ্যাম্পিয়নরা লাস্ট-৩২ এর ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ১৬-র টিকিট কেটেছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে লস ক্যাফেতেরোসরা।

Colombia Team 01
সবচেয়ে বড় কথা, কলম্বিয়ার ডিফেন্স যেন এক দুর্ভেদ্য প্রাচীর! বিশ্বকাপে ৪ ম্যাচে তারা গোল খেয়েছে মাত্র একটি, আর শেষ ৩টি ম্যাচেই অক্ষত রেখেছে নিজেদের জাল (ক্লিনশিট)। তবে কলম্বিয়া শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে স্ট্রাইকার জন কর্ডোবার ইনজুরি। ঘানার বিপক্ষে হ্যামস্ট্রিং চোট পেয়ে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি।

একাদশের দিকে তাকালে দেখা যাচ্ছে, কর্ডোবার অনুপস্থিতিতে হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজের সাথে আক্রমণে জুটি বাঁধবেন লুইস সুয়ারেজ, যিনি গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাবিত করেছিলেন। মাঝমাঠ সামলাবেন জেফারসন লারমা ও জন আরিয়াস।

অন্যদিকে সুইজারল্যান্ড শিবিরেও রয়েছে চোটের চিন্তা। মিশেল এবিশার ও লুকা জ্যাকুয়েজের খেলা নিয়ে সংশয় থাকায় মাঝমাঠের পুরো দায়িত্ব থাকবে অভিজ্ঞ গ্রানিত জাকা ও রেমো ফ্রুয়েলারের কাঁধে। আর ডিফেন্সের অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন ম্যানুয়েল আকাঞ্জি ও নিকো এলভেদি।

Switzerland Team 01
ভ্যাঙ্কুভারের এই লড়াইটি হতে যাচ্ছে এবারের শেষ ষোলোর সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্যাচগুলোর একটি। একদিকে সুইসদের ছন্দ ও আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে কলম্বিয়ার জমাট রক্ষণ আর হামেস রদ্রিগেজের জাদুকরী ফর্ম। ফুটবল পণ্ডিতদের ধারণা, দুই দলের এই তুমুল রেষারেষি কোনো একজনের ব্যক্তিগত নৈপুণ্যেই শেষ মুহূর্তে নির্ধারণ হবে।

তবে রক্ষণভাগের দুর্দান্ত পারফরম্যান্স এবং দিয়াজ-রদ্রিগেজ জুটির আক্রমণাত্মক ধারার কারণে কলম্বিয়াকেই কিছুটা এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। ম্যাচটি হয়তো ২-১ ব্যবধানে জিতে ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করে নেবে কলম্বিয়াই।