ফাইনালের টিকেটই হবে জন্মদিনের সেরা উপহার: ইয়ামাল

রাত ১টায় টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে যখন বিশ্বকাপের প্রথম সেমিতে ফ্রান্স আর স্পেন মুখোমুখি হবে, তখন মাঠের ফুটবল শুরুর আগেই ড্যালাসের বাতাস গরম করে দিয়েছেন স্পেনের ফুটবল রাজপুত্র লামিনে ইয়ামাল। সদ্য ১৯ বছরে পা রাখা বার্সেলোনার এই বিস্ময় বালক কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে বিদায় করার পরেই এক বিস্ফোরক মন্তব্যে বলেছিলেন, ভয় যদি পেতেই হয়, তবে ফ্রান্স আমাদের পাবে। কারণ শেষ দুই দেখায় আমরাই ওদের লাথি মেরে টুর্নার্মেন্ট থেকে বের করেছি।

সোমবারের সংবাদ সম্মেলনে হিরেখচিত একাউন্ট্রি হেভি নেকলেস গলায় ঝুলিয়ে চরম আয়েশী ভঙ্গিতে ইয়ামাল তার সেই মন্তব্যের সপক্ষে সাফাই গেয়ে বলেছেন, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না, আমি বলেছি না! আমরা ইউরো চ্যাম্পিয়ন, এটা শুধু ফুটবল, এখানে ভয়ের কিছু নেই।

নিজের ১৯ বছরের জন্মদিনে নিজেকেই একটি হিরের নেকলেস উপহার দেয়া এই স্প্যানিশ তরুণের আসল নজর অবশ্য আগামী রোববারের নিউ জার্সির মেগা ফাইনালের দিকে।

Lamine Yamal 01
ইয়ামাল হাসতে হাসতে বলেন, এখনো বড় কোনো গিফট পাইনি। মঙ্গলবারের জয় আর নিউ জার্সির ফাইনালের টিকিটটাই হবে আমার সেরা বার্থডে প্রেজেন্ট। চলতি বিশ্বকাপে মাত্র ১টি গোল করলেও ফ্রান্সের বিরুদ্ধে নিজের গোলসংখ্যা বাড়ানোর চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত এই স্পিডস্টার। কোনো বাড়তি চাপ অনুভব করছেন না জানিয়ে ইয়ামাল বলেন, জীবনে ফুটবল ম্যাচের চেয়েও কঠিন পরিস্থিতি থাকে, তাই আমি শান্ত। মাঠে নেমে বরাবরের মতো নিজের সেরাটা দেব।

ওদিকে স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তেও টুর্নামেন্টের হট ফেবারিট ফ্রান্সের বিরুদ্ধে রক্ষণাত্মক না খেলে একদম ‘ফ্রন্ট ফুটে’ বা আক্রমণাত্মক ফুটবল খেলার ঘোষণা দিয়েছেন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম মুখে স্পেনকে ফেবারিট বললেও, বাজির বাজারে কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে আর উসমান দেম্বেলেদের ফ্রান্সই স্পষ্ট ব্যবধানে এগিয়ে।

তবে দে লা ফুয়েন্তে টেক্সাসের মাঠে আরও একটি ফরাসি বধের নিখুঁত ছক কষে রেখেছেন। স্প্যানিশ বস বলেন, আমরা ফ্রান্সকে খুব ভালো করেই চিনি। ওদের যেমন বিশ্বমানের খেলোয়াড় আছে, আমাদেরও আছে। যে দল মাঠের ভারসাম্য ধরে রাখতে পারবে, জয় তাদেরই হবে। আমরা শুরু থেকেই নিজেদের স্টাইল ওদের ওপর চাপিয়ে দেব।

Lamine Yamal 02
যদিও ফরাসিদের বর্তমান রূপ নিয়ে কোনো ভুল ধারণার মধ্যে নেই স্প্যানিশ ড্রেসিংরুম। গত বছর নেশনস লীগের সেমিফাইনালে স্পেন যখন ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল, তখন একপর্যায়ে ৫-১ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ফরাসি ঝড়ে কাঁপন ধরেছিল স্পেনের বুকে। দে লা ফুয়েন্তে স্বীকার করেছেন, গত দুই বছরে এই ফরাসি স্কোয়াড অনেক বেশি পরিণত এবং আগের চেয়ে ‘বহুগুণ শক্তিশালী’ হয়ে উঠেছে।

তাই অতীতের ভুলত্রুটি শুধরে তিকিতাকা ফুটবলের পজেশন ধরে রেখে ফ্রান্সের চিতার গতিকে বোতলবন্দী করতে চান তিনি। ম্যাচ শুরুর আগে শিষ্যদের উদ্দেশ্যে তাঁর একটাই টোটকা, মাঠে যাও এবং ম্যাচটা উপভোগ করো।’ টেক্সাসের গালিচায় জন্মদিনের হিরের ঔজ্জ্বল্য নিয়ে ইয়ামাল ফ্রান্সকে খাক করে দেন, নাকি ফরাসি বারুদের আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্পেনের অহংকার, তা দেখার অপেক্ষায় সারা বিশ্ব!

তথ্যসূত্র: রয়টার্স-আল জাজিরা