প্যারিস সেন্ট-জার্মেইনকে (পিএসজি) পর পর দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার তারকা মিডফিল্ডার লি কাং-ইন। ফরাসি ক্লাবটি ছেড়ে তিনি যোগ দিচ্ছেন স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদে।
শনিবার অ্যাতলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়, ২৫ বছর বয়সী এই কোরিয়ান তারকার সাথে তাদের ২০৩১ সালের জুন পর্যন্ত চুক্তি চূড়ান্ত হয়েছে। ট্রান্সফার ফির সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ না করলেও স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, এজন্য অ্যাথলেটিকোকে গুণতে হচ্ছে ৩৫ থেকে ৪০ মিলিয়ন ইউরো (প্রায় ৩৯.৮ থেকে ৪৫.৫ মিলিয়ন ডলার)।
দক্ষিণ কোরিয়ার হয়ে বিশ্বমঞ্চে খেলা লি কাং-ইনের ফুটবলের হাতেখড়ি মূলত স্পেনে। ইনচনে জন্ম নেওয়া এই ফুটবলার মাত্র ১০ বছর বয়সে ভ্যালেন্সিয়ার একাডেমিতে যোগ দেন। পরবর্তী সময়ে ভ্যালেন্সিয়ার মূল দলের হয়ে ৬২টি ম্যাচ খেলেন তিনি। মায়োর্কায় কিছুদিন কাটানোর পর ২০২৩ সালে তিনি ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। পিএসজির হয়ে ১২৪টি ম্যাচে মাঠে নেমে ১৬টি গোল করেন এই মিডফিল্ডার।
গত মৌসুমে লা লিগায় চতুর্থ স্থানে থেকে শেষ করা এবং কোপা দেল রের ফাইনালে ওঠা অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য কাং-ইনের সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আঁতোয়ান গ্রিজম্যান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পাড়ি জমিয়েছেন। গ্রিজম্যানের প্রস্থানে দলের মধ্যমাঠে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণে লি কাং-ইন অনুঘটক হিসেবে কাজ করবেন বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: আল জাজিরা