হাতে গোনা ২৪ ঘণ্টাও টিকল না গানার সমর্থকদের উথলে ওঠা আবেগ! ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদ ছাড়ার জল্পনা আর আর্সেনালে যোগ দেয়ার খবর প্রকাশ পেতে না পেতেই যেন বরফ ঢেলে দিলেন রিয়ালের নতুন বস হোসে মরিনহো। ‘স্পেশাল ওয়ান’ নতুন মেয়াদে সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব নিয়েই স্পষ্ট করে দিয়েছেন, অন্য ক্লাবের লালসা মিটাতে নিজের সেরা অস্ত্রগুলো বেচে দেয়ার পাত্র তিনি নন!
আসন্ন মৌসুমে বার্সেলোনার টানা তৃতীয় লা লিগা জয়ের দৌড় থামিয়ে রিয়ালকে ৩৭তম লিগ শিরোপা জেতানোই মরিনহোর প্রধান লক্ষ্য। আর সেই মিশনে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম এবং ভিনির মতো পোস্টার বয়দের দলে অটুট রাখা তাঁর জন্য বাধ্যতামূলক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ জানাচ্ছে, রিয়াল শীর্ষ নেতৃত্বকে স্পেশাল ওয়ান সোজা জানিয়ে দিয়েছেন, দলের মূল স্তম্ভ হিসাবে বিবেচিত খেলোয়াড়দের বিক্রির আলোচনা থেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে।
২০২৭ সালে চুক্তির মেয়াদ শেষ হতে চলা ভিনিসিয়াস ও রিয়ালের মধ্যকার নতুন চুক্তির দরকষাকষি কিছুটা থমকে গিয়েছিল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চাইছেন বার্ষিক নিট ২০ মিলিয়ন ইউরো বেতন, যা বর্তমান বেতনের চেয়ে প্রায় ৫ মিলিয়ন বেশি। এই অচলাবস্থার সুযোগ নিয়ে এবং ফ্রি-তে হাতছাড়া হওয়ার ভয়ে রিয়াল হয়তো আর্সেনালের টাকার থলিতে রাজি হতো, এমন একটা হালকা গুঞ্জন ছড়িয়েছিল।
কিন্তু আর্সেনালের লোভাতুর দৃষ্টিভঙ্গির খবর চাউর হতেই নাকি ভিনির সাথে চুক্তি নবায়নের আলোচনা আবার জোরকদমে শুরু করে দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
মরিনহো সাম্রাজ্য গড়ার খেলায় ইতিমধ্যেই আসর গরম করে ফেলেছেন। প্রিমিয়ার লিগ থেকে মার্ক কুকুরেয়া, ইব্রাহিমা কোনাতে ও বের্নার্দো সিলভাকে উড়িয়ে আনার পাশাপাশি ইন্টার মিলান থেকে ডেনজেল ডামফ্রিসকে ভিড়িয়েছেন তিনি। দল ছেড়েছেন দানি কারভাহাল, ডেভিড আলাবা, দানি সেবায়োস ও ফ্রান গার্সিয়ার মতো একঝাঁক নাম।
অন্যদিকে, সদ্য সমাপ্ত মৌসুমে পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরে ব্যাকফুটে থাকা এবং প্রিমিয়ার লিগ ধরে রাখার চাপে থাকা আর্সেনাল বস মিকেল আর্তেতা এবার বড় কোনো ‘স্টেটমেন্ট সাইনিং’ করতে চেয়েছিলেন। ইতিমধ্যে ৩৩ মিলিয়ন পাউন্ডে ক্রিস্টোস জোলিস এবং ফ্রিতে ইলান মেলিয়ারকে সই করালেও ব্রুনো গিমারেসের ১০০ মিলিয়ন পাউন্ড মূল্যের চড়া দামে আপাতত হোঁচট খেয়েছে আর্সেনাল।
সাংবাদিক ডেভিড অর্নস্টাইনের একটি টুইটে বিশেষ একটি শব্দটি দেখে আর্সেনাল সমর্থকেরা ভেবেছিলেন ভিনির লন্ডন আগমন শুধু সময়ের ব্যাপার! এর আগে গাব্রিয়েল জেসুস কিংবা ডেভিড রায়াদের ক্ষেত্রেও এই একই শব্দ ব্যবহার করেছিলেন ওই সাংবাদিক।
তবে অতীতের রফিনা, ডগলাস লুইজ কিংবা কারিম বেনজেমার ক্ষেত্রেও একই শব্দ দিয়ে শেষমেশ ব্যর্থ হয়েছিল ক্লাবটি, সে কথা হয়তো বেমালুম ভুলে গিয়েছিলেন অতিউৎসাহী ভক্তরা।
রিয়ালের দুই বারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের গোলদাতা ও ২০২৪ ব্যালন ডি'অর রানার্স-আপ ভিনিসিয়াস যে মরিনহোর নতুন প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্র হতে চলেছেন, তাতে আর কোনো সন্দেহ নেই। ফলে উত্তর লন্ডনের ক্লাবটির জন্য ব্রাজিলিয়ান এই তারকাকে ছিনিয়ে আনা এখন দিবাস্বপ্ন বৈ আর কিছু নয়!