বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ব্যানার বিতর্কে ফিফার তদন্তের মুখে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কী আসে যায়? ফিফার শাস্তির শঙ্কা ও তদন্তের তোয়াক্কা না করে এবার আগুনে নতুন করে ঘি ঢাললো আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব ‘আলমিরান্তে ব্রাউন’!
ইংল্যান্ডের সাথে মালিকানা নিয়ে বিরোধে থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দাবি করে তারা উন্মোচন করেছে নতুন এক বিতর্কিত জার্সি। আর সেই জার্সি গায়ে চাপিয়েই রেসিং ডি কর্ডোবার বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে তারা!
ক্লাবের ঐতিহ্যবাহী হলুদ-কালো স্ট্রাইপ বাদ দিয়ে আর্জেন্টিনার জাতীয় দলের নীল-সাদা স্ট্রাইপে বানানো হয়েছে এই বিতর্কিত জার্সি। জার্সির একেবারে বুকের ওপর বড় বড় অক্ষরে স্প্যানিশ ভাষায় খোদাই করা হয়েছে, ‘লাস মালভিনাস সোন আরহেনতিনাস’ অর্থাৎ, মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার)।
আর্জেন্টাইনরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ‘ইসলাস মালভিনাস’ নামে ডাকে। এখানেই শেষ নয়! জার্সির পেছনের নম্বরের নিচে আঁকা রয়েছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সেই বিখ্যাত গোল উদযাপনের ছায়া বৈচিত্র, দুই হাত দিয়ে আকাশের দিকে আঙুল নির্দেশ করার দৃশ্য!
সোশ্যাল মিডিয়া এক্সে শুরুর একাদশের ছবি পোস্ট করে ক্লাবটি লিখেছে, ওগুলো আর্জেন্টিনারই! আর ইনস্টাগ্রামে গর্ব ছড়িয়ে তারা বলেছে, চিরকাল আর্জেন্টিনার! রোববারের ম্যাচে মালভিনাসের প্রতি আমাদের এই শ্রদ্ধার্ঘ্য জার্সি উন্মোচন করতে পেরে আমরা গর্বিত।
বিশ্বকাপে সেমিফাইনালে আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ঠিক একই বার্তা লেখা ব্যানার উঁচিয়ে ধরেছিলেন। অ-খেলোয়াড়ি বা রাজনৈতিক প্রদর্শনের অপরাধে (আর্টিকেল ১৩ অনুচ্ছেদ ২ সি) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক তদন্ত ও শৃঙ্খলাভঙ্গের মামলা চালু করেছে ফিফা।
তবে ফিফা যতই চটুক না কেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কিন্তু নিজের দলের খেলোয়াড় ও ক্লাবগুলোর এই কাজকে 'একদম সঠিক ও বৈধ' বলে সাফাই দিয়েছেন! মিলেই সোজা জানিয়ে দিয়েছেন, এই বার্তাটি প্রতিটা আর্জেন্টাইনের ভেতরের অনুভূতি প্রকাশ করে।
অবশ্য তিনি এটাও স্বীকার করেছেন যে, ফিফা হয়তো জরিমানা ঠুকে দেবে। উল্লেখ্য, ২০১৪ সালে স্লোভেনিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে একই ব্যানার প্রদর্শন করায় ফিফা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০,০০০ পাউন্ড (প্রায় ২৭,০০০ ডলার) জরিমানা করেছিল।
ব্রিটেন থেকে ৮,০০০ মাইল দূরে আর আর্জেন্টিনা মূল ভূখণ্ড থেকে মাত্র ৩০০ মাইল দূরে অবস্থিত এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। বিতর্ক, ইতিহাস আর আবেগের এই মিশেলে ফিফার আইনি নিষেধাজ্ঞা তো দূরে থাক, আর্জেন্টাইন ফুটবলার আর ক্লাবগুলোর এই একঘেয়ে প্রতিবাদ ফুটবল বিশ্বে নতুন করে তোলপাড় শুরু করে দিয়েছে!
তথ্যসূত্র: ইএসপিএন